২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রয়কেন্দ্র চালুর দাবিতে কৃষক সমিতির সমাবেশ

ধান চাষে কৃষক লোকসানের মুখে পড়ছে মন্তব্য করে তাদেরকে লাভজনক দাম দিতে সরকারি ধান ক্রয়কেন্দ্র চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 11:10 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

রোববার এই দাবিতে সমিতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ ও মানববন্ধন করেছে। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে প্রেসক্লাব এলাকায়।

প্রেসক্লাবের সামনে মানববন্ধনের পর অনুষ্ঠিত সমাবেশে সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, "অর্থমন্ত্রী বলেছেন যে, ‘কৃষকের লাভজনক দাম নিশ্চিত করেছে সরকার’। অর্থমন্ত্রীর এই ‘ভোগাস’ কথা বার্তায় কৃষকরা আরো নিরাপত্তাহীনতায় পড়বে।

“সরকার মধ্যস্বত্ত্বভোগী, চাতাল মালিক, ফঁড়িয়া যারা কৃষি উৎপাদনের সাথে জড়িত নয়, তাদের লাভজনক দাম নিশ্চিত করেছে। সাধারণ প্রান্তিক কৃষকের লাভজনক দাম দূরের কথা তার উৎপাদন খরচও নিশ্চিত করতে পারেনি সরকার।”

তিনি বলেন, "এবার ধানের বাম্পার ফলন হলেও কৃষক ধানের দাম পাচ্ছে না। সরকার মণপ্রতি ধানের দাম ৮০০ টাকা নির্ধারণ করে দিলেও সরকারি ক্রয়কেন্দ্র না থাকার কারণে কৃষকরা মধ্যস্বত্ত্বভোগী, চাতাল মালিক, ফড়িয়াদের কাছে ৬০০ থেকে ৬৫০ টাকা মণে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে।"

চন্দন অভিযোগ করেন, সরকার নির্ধারিত দামের চেয়ে কৃষকের উৎপাদন খরচ আরো অনেক বেশি। কৃষকরা মণ প্রতি ২০০ থেকে ২৫০ টাকা লোকসান দিচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষক ধান উৎপাদনে উৎসাহ হারাবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, সম্পাদকমণ্ডলীর সদস্য সুকান্ত সফি চৌধুরী কমল ও আবিদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজম খান বাবু, মানবেন্দ্র দেব ও মোবাকর হোসেন ঝন্টু প্রমুখ।

এদিকে ঢাকা ছাড়াও ফরিদপুরে পটুয়াখালী, মাদারিপুরসহ দেশের বিভিন্নস্থানে মানববন্ধন, সমাবেশ ও মিছিল করা হয়েছে বলে রোববার সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়।

সরকারি ক্রয়কেন্দ্র চালু করে লাভজনক দামে ধান, গম, ভূট্টো, সবজিসহ অন্যান্য ফসল ক্রয়; সার-বীজ সংরক্ষণের পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ, বিএডিসিকে সচল করা, পল্লী রেশন ও শস্যবীমা চালু, প্রাকৃতিক দুযোগ পরবর্তী কৃষি পুনর্বাসনের স্থায়ী পদক্ষেপ গ্রহণ, পল্লীবিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধ করার দাবিতে এই কর্মসূচি পালিত হয়।