অতিরিক্ত বাসা নেই: প্রধান হুইপ
সংসদের প্রধান হুইপ হিসেবে অতিরিক্ত কোন বাসা নিজের নামে বরাদ্দ নেননি বলে দাবি করেছেন আ স ম ফিরোজ।
রোববার সকালে সংসদ ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “চিফ হুইপ হিসেবে যা পাওয়ার কথা তার বেশি অতিরিক্ত কোনো বাসা আমার নামে বরাদ্দ নেই।”
রোববার একটি দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ সংসদ সদস্য ভবনে সাতটি বাসা নিজের ‘নিয়ন্ত্রণে’ রেখেছেন। ওই বাসার বেশ কয়েকটিতে নিজের শ্যালক ও কর্মচারীদের থাকতে দিয়েছেন বলেও প্রকাশিত খবরে বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে নিজের এলাকা পটুয়াখালীর বাউফলে এক সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্টের বদলে নগদ অর্থ উপঢৌকন হিসেবে দেয়ার কথা বলে সমালোচনার মুখে পড়েন ফিরোজ।
আ স ম ফিরোজ
সংসদ সদস্য ভবনে নিজের শ্যালকের অবস্থান নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “প্রিভিলেজ হিসেবে থাকতে পারেন। চিফ হুইপের দারোয়ান, ড্রাইভারসহ স্টাফরাও বাসা বরাদ্দ পান।”
মানিক মিয়া অ্যাভিনিউ এবং নাখাল পাড়ার ‘সংসদ সদস্য ভবন’ সংসদ সদস্যদের থাকার জন্য বরাদ্দ দেয়া হয়। গত নবম সংসদে এসব ফ্লাটে সংসদ সদস্যদের আত্মীয়-কর্মচারীদের থাকার বিষয়ে অভিযোগ ওঠে। ওই সময় সংসদ কমিটি সংসদ সদস্যদের ফ্ল্যাটে অন্য কেউ থাকতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়।
গত ফেব্রুয়ারি মাসেও দশম সংসদের সংসদ কমিটির বৈঠকে সংসদ সদস্যদের বরাদ্দ করা ফ্ল্যাটে পরিবারের (স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা, ভাইবোন) বাইরে কেউ থাকতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়।
সংসদ সদস্যদের আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংসদ কমিটি কাজ করে। এই কমিটির সভাপতি পদাধিকার বলে সংসদের প্রধান হুইপ।
রোববার আ স ম ফিরোজ আরো বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় করার জন্য সাংবাদিকদের মাধ্যমে এ ধরনের সংবাদ পরিবেশন করছে। না হলে প্রথম আলোর মত পত্রিকা এ ধরনের নিউজ কেন করবে। দুর্ভাগ্য হলো- সাংবাদিকরা বস্তুনিষ্ঠ খবর পরিবেশন না করে এধরনের সংবাদ প্রচার করছে।”
পরে বিকালে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েও এনিয়ে কথা বলেন প্রধান হুইপ।
“প্রথম আলো, ডেইলি স্টার, যুগান্তর নির্বাচনের আগে থেকে অনেক নিউজ করেছে, প্রমাণ করতে পারেনি। এখনও করে যাচ্ছে।”
“আমার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে। সেটা নষ্ট করতে একটা চক্রের চক্রান্তে এসব নিউজ প্রকাশিত হচ্ছে। আক্রোশ নিয়ে লেখা হয়েছে। যেভাবে রিপোর্টিং করা হয়েছে, তার কোনোটাই সত্য নয়।”
সকালে মন্ত্রী হোস্টেলে সংসদ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান হুইপ।
অনুষ্ঠানে তিনি বলেন, “৩৫০ জন এমপিকে ল্যাপটপ দেয়া হয়েছে। যদিও ২-১টি বাকি রয়েছে। আমাদের প্রধানমন্ত্রীরটাও বাকি রয়েছে। এমপি হিসেবে উনিও একটা ল্যাপটপ পাবেন। ওটা রেডি আছে। সংসদের এই অধিবেশনেই এটা দেয়া হবে।”
“তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে যেখানে সারা বিশ্ব, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেখানে সংসদ সদস্যরা কেন পিছিয়ে থাকবে। এজন্যই এই কর্মসূচি।”
সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন ‘মাননীয় সংসদ সদস্যগণের কানেকটিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্ট্রানেট এপ্লিকেশন তৈরির কর্মসূচি’শীর্ষক এক প্রকল্পের আওতায় প্রায় আড়াই কোটি টাকা খরচ করে সব সংসদ সদস্যকে ল্যাপটপ ও মডেম দেয়া হয়। ওই প্রকল্পের আওতায় সংসদ সদস্যদের কম্পিউটার প্রশিক্ষণের কর্মসূচি নেয়া হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সংসদ সদস্যদের ‘এমএস ওয়ার্ড’, ‘এমএসএক্সেল’, ‘ইন্টারনেট ব্রাউজিং’ ও ই-মেইল ব্যবহার শেখানো হবে।
