২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিককে ‘ধর্ষণ’

সাহায্য দেয়ার কথা বলে ফোন করে ডেকে নিয়ে সাভারের রানা প্লাজার এক শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 12:56 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার সকালে ওই শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই শ্রমিকের অভিযোগের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শাহাবুদ্দিন (৫৬) মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা এলাকার মৃত মালেকের ছেলে।

ওসি মোস্তফা কামাল জানান, রানা প্লাজার সপ্তম তলার নিউ ওয়েভ স্টাইল লিমিটেড কারখানায় কাজ করতো মেয়েটি। রানা প্লাজা ধসের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সাহায্য সহযোগিতাও পেয়েছে।

ধসের পর ওই শ্রমিক সাভারে তার এক স্বজনের বাসায় থাকতেন।

ওসি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে তাকে মোবাইলে ফোন করে শাহাবুদ্দিন জানায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদেরকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে। এ খবর শুনে তাৎক্ষণিকভাবে শাহাবুদ্দিনের দেয়া ঠিকানায় যায়।

“শাহাবুদ্দিন সাহায্য দেয়ার প্রলোভন দেখিয়ে তার ভাড়া নেয়া ব্যাংকলোনি মহল্লায় আমীর উদ্দিন হাজির বাড়িতে নিয়ে যায় তাকে। সেখানে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করে শুক্রবার ভোরে বের করে দেয়।”

পরে বিষটি স্বজনদের জানালে শুক্রবার রাতেই সাভার মডেল থানায় একটি ধর্ষণের মামলা (নং-১২) দায়ের করা হয়। পুলিশ রাতেই ধর্ষক শাহাবুদ্দিনকে গ্রেপ্তারর করে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

মামলাটির তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই শ্রমিককে ডাক্তারি পরীক্ষার জন্য  সকালে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।