কুমিল্লায় কভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কভার্ডভ্যান ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে সদর উপজেলার জাগড়ঝুলি এলাকায় এ দুর্ঘটনায় আহত আরো চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার এসআই এনামুল হক জানিয়েছেন, নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুই জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরীফ আহমেদ (২৭) ও চট্টগ্রামের কলাবাগান এলাকার সাগর (৩৫)।
শরীফ কুমিল্লায় একটি খাদ্যপণ্য কারখানায় প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন এবং সাগর বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন।
আহতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের সালেহ আহমেদ, সদর উপজেলার বারপাড়া গ্রামের আবুল হোসেন, দেবিদ্বারের গুনাইঘর গ্রামের কামাল হোসেন ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানান এসআই এনামুল।
এসআই এনামুল হক জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী কভার্ডভ্যানের সঙ্গে কুমিল্লা ক্যান্টনমেন্টগামী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন মারা যান। আহত পাঁচ ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
বাকিরা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স দুলাল চন্দ্র সূত্রধর।
এসআই এনামুল বলেন, দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যান ও অটোরিকশাটিকে আটক করা হয়েছে। তবে কভার্ডভ্যানের চালক পালিয়ে গেছে।
নিহতদের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
