খাস জমিতে থেকেও ‘ভাড়া’ দিচ্ছে রোহিঙ্গারা
সরকারি খাস জমিতে থাকলেও স্থানীয় জমির মালিকদের নিয়মিত ‘ভাড়া’ দিতে হচ্ছে টেকনাফের শামলাপুরের অনিবন্ধিত শিবিরের রোহিঙ্গাদের।
শামলাপুর অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পে প্রায় ১৭শ’ পরিবারের বসবাস। সাগর ঘেঁষে গড়ে ওঠা এই ক্যাম্পের প্রায় সাতশ’ পরিবারকেই প্রতিমাসে নিয়মিত জমির ‘ভাড়া’ দিতে হচ্ছে।
যারা স্থানীয় ‘বহদ্দার’ (নৌকার মালিক) অধীনে কাজ করেন না তাদেরকেই এই টাকা দিতে হয় বলে ভুক্তভোগী রোহিঙ্গাদের অভিযোগ; যাদের বিরুদ্ধে আবার বিভ্ন্নি অপরাধমূলক তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি খাস জমির কাছাকাছি ব্যক্তি মালিকানাধীন জমির মালিকরা রোহিঙ্গাদের কাছ থেকে প্রতিমাসে জমির ভাড়া বাবদ টাকা নিয়ে থাকে।
শামলাপুরের প্রায় ৫০ জন জমির মালিক নিয়মিত এই টাকা আদায় করছে বলে অভিযোগ স্থানীয়দের।
ক্যাম্পের বাসিন্দা মো. রহিমুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাগরে মাছ ধরা নৌকায় কাজ করে না এমন পরিবারের কাছ থেকে টাকা আদায় করছে জমির মালিকরা।
“শামলাপুর সি-বিচ সংলগ্ন জমির মালিকরা তাদের জমির সামনে সরকারি খাস জমিতে বসবাসরত রোহিঙ্গাদের কাছ থেকে টাকা নেয়। প্রতি মাসে ১৫০০-৩০০০ টাকা দিতে হয়।”
মাছ ধরার ট্রলারে কর্মী জাফর উল্লাহ জানান, তিনি ৫ বছর ধরে মাছ ধরার পেশার সঙ্গে যুক্ত। এর আগে তাকেও নিয়মিত জমির ‘ভাড়া’ দিতে হত। ট্রলারে কাজ শুরু করার পর থেকে এই টাকা আর দেয়া লাগে না।
টেকনাফের শামলাপুরে সাগর তীর ঘেঁষে গড়ে ওঠা রোহিঙ্গা ক্যাম্পের বেশিরভাগ মানুষেরই প্রধান পেশা সাগরে মাছ ধরা। অনিবন্ধিত হওয়ায় নয়াপাড়া ও কুতুপালং শরণার্থী ক্যাম্পের মত কোনো রেশন সুবিধা পান না এখানকার রোহিঙ্গারা।
রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কমিশনার ফরিদ আহমেদ ভূইয়া জানান শামলাপুরে প্রায় ৮ হাজার রোহিঙ্গা বসবাস করে।
তিনি বলেন, “রোহিঙ্গা গণনা নিয়ে সরকারি সিদ্ধান্তের বাস্তবায়ন হলে এখানকার বাসিন্দাদের বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।”
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) তথ্য অনুযায়ী, কুতুপালং ও নয়াপাড়া শরণার্থী শিবিরে নিবন্ধিত ৩০ হাজারসহ দুই লাখের বেশি রোহিঙ্গা রয়েছে।
এর বাইরে আরো প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে।
সম্প্রতি বাংলাদেশ সরকার ও ইউএনএইচসিআর শরণার্থী শিবিরের বাসিন্দা গণনার কাজ শুরু করেছে। গণনার পর এই সংখ্যা ৩৩ হাজারের মতো হতে পারে।
প্রায় দুই দশক আগে মিয়ানমারের জাতিগত ও রাজনৈতিক সংঘাতের কারণে বাংলাদেশে ঢোকা শুরু করে সে দেশের মুসলিম নাগরিক রোহিঙ্গারা। বাংলাদেশ থেকে তাদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানালেও তাতে এখনো সাড়া দেয়নি মিয়ানমার।
