১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বোটানিক্যাল গার্ডেনে চালু হল ই-টিকিটিং

দর্শনার্থীরা লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই অনলাইনে টিকেট কিনে নির্ধারিত তারিখে উদ্যান পরিদর্শন করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 09:51 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

রাজধানীর মিরপুরে ‘ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন’ বা ‘জাতীয় উদ্ভিদ উদ্যানে’ দর্শনার্থীদের প্রবেশ প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও পরিবেশবান্ধব করতে চালু করা হয়েছে ‘ই-টিকেটিং’ প্ল্যাটফর্ম। 

বুধবার উদ্যানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ প্ল্যাটফর্মটির উদ্বোধন করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে দর্শনার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্ম www.nbg.portal.gov.bd বা বন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে কিউআর কোড সম্বলিত টিকেট সংগ্রহ করতে পারবেন, যা স্মার্টফোনে দেখিয়ে বা প্রিন্ট আউট হিসাবে ব্যবহার করে উদ্যানে প্রবেশ করা যাবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বন অধিদপ্তর ও এটুআইয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্ল্যাটফর্ম দেশের উদ্যান ব্যবস্থাপনায় এ ডিজিটাল রূপান্তর করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই অনলাইনে টিকেট কিনে নির্ধারিত তারিখে উদ্যান পরিদর্শন করতে পারবেন এবং টিকেট বিক্রয় প্রক্রিয়ায় আসবে পূর্ণ স্বচ্ছতা।” 

কাগজের ব্যবহার হ্রাস পাওয়ায় এটি পরিবেশ সংরক্ষণেও অবদান রাখবে বলেও মনে করছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে সচিব ফারহিনা আহমেদ বলেন, “প্রাকৃতিক বন ও জীববৈচিত্র্য সংরক্ষণে এবং জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে। ই-টিকেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশে স্মার্ট সংরক্ষণ ব্যবস্থাপনার এক নতুন অধ্যায় সূচিত হল।” 

তিনি দেশের অন্যান্য পরিবেশগত গুরুত্বপূর্ণ স্থানেও এ ধরনের ই-টিকেটিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব আরোপ করেন। 

এ উদ্যোগে প্রকৃতির সঙ্গে নগরবাসীর সম্পর্ক ‘আরও গভীর’ হবে, উদ্যান ব্যবস্থাপনায় ‘দক্ষতা বাড়বে’ এবং গবেষণার ‘নতুন সম্ভাবনা’ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সচিব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুর রফিক, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বন) শামিমা বেগম এবং সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। 

বন অধিদপ্তর, এটুআই, আইসিটি বিভাগ, জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়ামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরিবেশকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।