২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

শপথ নিলেন হাই কোর্টের ২১ বিচারক

বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 03:30 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারকের মধ্যে ২১ জন শপথ নিয়েছেন। 

একজন অসুস্থ থাকায় তার শপথ পরে হবে বলে রেজিস্ট্রারের দপ্তর থেকে জানানো হয়েছে। 

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ২১ বিচারককে শপথ পড়ান।   

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মো. মনসুর আলম, বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর, বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা, বিচারপতি মো. যাবিদ হোসেন, বিচারপতি মুবিনা আসাফ, বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম, বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা, বিচারপতি মো. আবদুল মান্নান এদিন শপথ নেন। 

এছাড়া বিচারপতি তামান্না রহমান খালিদী, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ, বিচারপতি মো. হামিদুর রহমান, বিচারপতি নাসরিন আক্তার, বিচারপতি সাথীকা হোসেন, বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, বিচারপতি মো. তৌফিক ইনাম, বিচারপতি ইউসুফ আব্দুল্লাহ সুমন, বিচারপতি শেখ তাহসিন আলী, বিচারপতি ফয়েজ আহমেদ, বিচারপতি মো. সগীর হোসেন ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজী শপথ গ্রহণ করেন। 

বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় শপথ অনুষ্ঠানে আসতে পারেননি; তার শপথ পরে হবে বলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান জানান। 

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং শপথ গ্রহণকারী বিচারপতিদের স্বজনরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। 

২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে ২২ জনকে স্থায়ী নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। 

শপথ গ্রহণের পর থেকে এই নিয়োগ কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়।