২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিসি’র বাস ইজারা বন্ধ হচ্ছে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস ইজারা দেওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 04:44 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহনে জটিলতা নিরসন নিয়ে এক সভা শেষে যোগাযোগমন্ত্রী বলেন, “ইজারা দেওয়ার কারণে বাসের রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয় না। বেসরকারি পরিবহন মালিকদের সঙ্গেও সমস্যার সৃষ্টি হয়, এজন্য বাস ইজারা দেওয়া বন্ধ করার উদ্যেগ নেয়া হচ্ছে।”

এসময় যোগাযোগমন্ত্রী জানান, গত ২৭ মে সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাসে রাজশাহী ও ময়মনসিংহে যে পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছিলো, সভায় আলোচনার পর তা প্রত্যাহার করে নিয়েছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

মহাসড়কে পুলিশের চাঁদাবাজিসহ নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি অনুমোদনহীন গাড়ির চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে গত ২৫ মে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পরিবহন ধর্মঘট ডাকে মালিক-শ্রমিকরা।

একই সময়ে ঢাকা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সাত দফা দাবিতে ময়মনসিংহের কয়েকটি জেলাতেও পরিবহন ধর্মঘট শুরু হয়।

যোগাযোগ মন্ত্রী বলেন, “জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে অননুমোদিত যানবাহন বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। নসিমন, করিমন, ভটভটি, লাইসেন্স বিহীন সিএনজি বন্ধ করার জন্য প্রয়ো্জনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, “নসিমন, করিমন, ভটভটির যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হবে।”

মটরসাইকেলকে একটি ‘মূর্তিমান আতঙ্ক’ উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, “নিবন্ধন ছাড়া কেউ মটরসাইকেল চালাতে পারবে না। বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহার করতে হবে। দুইজনের বেশি মটরসাইকেলে আরোহী হতে পারবে না।”

মন্ত্রী বলেন, “মহাসড়কে কাঁচাবাজারসহ বিভিন্ন অবৈধ বাজার যান চলাচলে সমস্যা সৃষ্টি করছে। তাই সকল মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেওয়া হবে।”

পরিবহন খাতে চাঁদাবাজির বন্ধের বিষয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “পুলিশের চাঁদাবাজি রাতারাতি বন্ধ করা যাবে, এমনটা মনে করি না। তবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব। পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। অনেকেই চাঁদাবাজি করে।”

যোগাযোগমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নৌপরিবহনমন্ত্রী ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরিবহন শ্রমিক নেতা মশিউর রহমান রাঙ্গাসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।