ভাষা সৈনিক আব্দুর রশীদ নেই
শেরপুরে মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক মো. আব্দুর রশীদ আর নেই।
স্থানীয় সাংবাদিক হাকিম বাবুল জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় শেরপুর শহরের গৃর্দানারায়ণ এলাকায় নিজ বাসায় চুরাশি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি ও লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি।
প্রয়াত আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের বাবা।
তার মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সংসদের হুইপ আতিউর রহমান আতিকসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
হাকিম বাবুল জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১টা থেকে ২টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা ছিল। এরপর বেলা আড়াইটায় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে চাঁপাতলী পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। তাকে দেয়া গার্ড অব অনারে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. জাকির হোসেনও উপস্থিত ছিলেন।
ভাষা সৈনিক আব্দুর রশীদ ১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটিতে জন্মগ্রহণ করেন। শেরপুরের ভিক্টোরিয়া একাডেমির ছাত্রা থাকাকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।
এরপর ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, ৬২-এর শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭০’র নির্বাচন, ৭১’র মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় তৎকালীন সরকারের রোষানলে পড়ে কারাভোগও করেন তিনি।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার প্রতিবাদ করায় তাকে নয় মাস কারাভোগও করতে হয়।
মৃত্যুর আগ পর্যন্ত শেরপুর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করা এ মুক্তিযোদ্ধা স্বাধীনতাবিরোধী রাজাকার, আলবদর ও যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে আন্দোলন করে আসছিলেন।
আব্দুর রশীদ তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অধ্যাপক মোজাফ্ফর আহমেদ, জেনারেল এমএজি ওসমানী ও বিপ্লবী রবি নিয়েগীসহ দেশবরেণ্য বিভিন্ন রাজনীতিবিদের সান্নিধ্য লাভ করেন এবং তাদের সঙ্গে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেন।
