শ্রমিকদের দ্বন্দ্বে কুড়িগ্রামে সড়ক অবরোধ
রংপুর মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বের জেরে কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়ন সকালে সড়ক অবরোধ করার পর ওই জেলায় সাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বুধবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করে রাখে তারা। ফলে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ব ঘোষণা ছাড়াই সড়ক অবরোধ করায় ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
পরে প্রশাসনের হস্তক্ষেপে দুপুর ১টায় অবরোধ আংশিক তুলে নেয় শ্রমিকরা। এরপর থেকে কুড়িগ্রামের সীমানা পর্যন্ত (তিস্তা সেতু) বাস চলাচল শুরু হয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন জানান, কুড়িগ্রাম-রংপুর রুটে বাস চলাচল করাকে কেন্দ্র করে দুজেলার শ্রমিকদের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এরই জের ধরে বুধবার সকালে কুড়িগ্রামের শ্রমিকরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যততত্র বাস রেখে সড়ক অবরোধ করে। ফলে কুড়িগ্রাম থেকে সকল রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
কুড়িগ্রামের শ্রমিক নেতা ও বাস চালক জামাল ও মিলন বলেন, বাস ওভারটেক করা নিয়ে গত ১ জুন রংপুরের শ্রমিকরা মীরবাগ এলাকায় কুড়িগ্রামের একটি বাসের তিনটি সিট খুলে নেয়। এর জের ধরে গত ২ জুন রংপুরের একটি বাসের দুটি সিট খুলে নেয় কুড়িগ্রামের শ্রমিকরা।
“এ ঘটনার জের ধরে বুধবার সকাল ৮টায় রংপুরের শ্রমিকরা মীরবাগ এলাকায় কুড়িগ্রামের অন্তর পরিবহন নামের একটি বাস থামিয়ে চালকের সহকারী শুটকুকে মারধর করে।”
এ ঘটনার পর সকাল সাড়ে ৯টায় তারা কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস রেখে সড়ক অবরোধ করে বলে জানান জামাল ও মিলন।
কুড়িগ্রাম মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল করিম মধু বলেন, রংপুর ও কুড়িগ্রাম মোটর শ্রমিকদের মধ্যে যে সমস্যা দেখা দিয়েছে তার সমাধান না হওয়া পর্যন্ত কুড়িগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে বাস চলাচল বন্ধ থাকবে।
তবে যাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে দুপুর ১টা থেকে কুড়িগ্রামের সীমানা পর্যন্ত (তিস্তা সেতু) বাস চলাচলের অনুমতি দেয়া হয়েছে বলে জানান তিনি।
