প্রতি জেলায় হবে হাইটেক পার্ক
দেশের প্রতিটি জেলায় হাইটেক পার্ক নির্মাণের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “গাজীপুর, যশোর, সিলেট ও রাজশাহীতে হাইটেক পার্ক স্থাপনের কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে প্রত্যেক বিভাগ ও জেলায় হাইটেক পার্ক করে দেব।
“আমরা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ গঠন করেছি। এর মাধ্যমে সারা দেশে হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইসিটি ইনকিউবেটর তৈরির প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।”
তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য প্রণোদনা দেয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, “এ খাতকে ফার্স্ট সেক্টর হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০১৫ সালের জুন পর্যন্ত সফটওয়্যার ও আইটি ব্যবসাকে আয়কর মুক্ত রাখা হয়েছে। সফটওয়্যার আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট মওকুফ করা হয়েছে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার সকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস (বেসিস) এই মেলার আয়োজন করেছে।
তথ্য প্রযুক্তির এই মেলার উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, “ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ সম্মেলনে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ডিটিজাল বাংলাদেশ গড়ার দৃপ্ত পথে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।”
ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রাকে আরো বেগবান করবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “বিশ্বের প্রায় ৫০টি দেশে বাংলাদেশের তৈরি সফটওয়্যার ও আইটি সেবা রপ্তানি আমরা ২০২১ সালের মধ্যে বর্তমানের একশ মিলিয়ন থেকে পাঁচ বিলিয়ন ডলারে উন্নীত করতে চাই। এ লক্ষ্য অর্জনে সরকার ও বেসরকারী খাতকে একযোগে কাজ করতে হবে। সেজন্য আমরা বেসরকারি খাতকে সম্পৃক্ত করেছি।”
বাংলাদেশে স্যামসাংয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “গুগল, মাইক্রোসফট ও ডেলের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে তাদের অফিস স্থাপন করেছে।”
বিশ্বের নামকরা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার তাদের সর্বতোভাবে সহযোগিতা দেবে। এর ফলে দেশের তরুণ মেধাবী প্রজন্ম নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ পাবে।
তথ্যপ্রযুক্তিতে নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে শিক্ষা নিয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমার সবচেয়ে বড় পরামর্শদাতা আমার ছেলে জয়। কম্পিউটারে আমার হাতেখড়ি জয়ের হাতেই।”
তথ্যপ্রযুক্তির উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী মোবাইল ফোনের সহজলভ্যতার কথা বলেন।
তিনি বলেন, “আমরা ১৯৯৬ সরকারের সময় আইসিটি উন্নয়নের পাশাপাশি মোবাইল টেলিফোনের মনোপলি ভেঙে প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করি। ফলে এক লাখ ৩০ হাজার টাকার মোবাইল ফোন এখন দুই/এক হাজার টাকায় পাওয়া যায়।
“এখন আবার সস্তা দামের মোবাইল ফোনে দুটো সিম ব্যবহার করা যায়। আমারো আছে একটা।”
প্রতিটি কাজেই বাধা আসে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “আমরা সেই চড়াই উতড়াই পেরিয়ে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ কখনো পিছিয়ে যেতে পারে না। বাংলাদেশ এগিয়ে যাবে।”
২০১০ সালে টেলিযোগাযোগ আইনকে সংশোধন করে যুগপোযোগী করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশজুড়ে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে। এর ফলে উপজেলাসহ তৃণমূল পর্যায়ে ইন্টারনেট ব্যান্ডউইথ পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।”
বর্তমান সরকার শিক্ষিত প্রজন্মকে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ করে দিয়েছে জানিয়ে তিনি বলেন, “মোবাইল অ্যাপস উন্নয়নে তাদের সম্পৃক্ত করতে সারা দেশে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে দুই হাজার ৩৬০ জনকে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে।
“আউটসোর্সিংয়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থানের জন্য আমরা লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচি বাস্তবায়ন করছি। বর্তমানে প্রায় ৫ লক্ষ মানুষ আউটসোর্সিংয়ে নিয়োজিত আছেন। তারা ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করছে।”
সরকার জনপ্রশাসনকে প্রযুক্তিভিত্তিক সেবা দিতে সক্ষম করে তুলেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সাইবার নিরাপত্তা নিশ্চিতে ইলেকট্রনিক স্বাক্ষর প্রবর্তন করা এবং জনগণের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে উপযুক্ত প্রাতিষ্ঠানিক অবকাঠামো গড়ে তোলার কথাও বলেন প্রধানমন্ত্রী।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামালউদ্দিন আহমেদ, বেসিসেস সভাপতি শামীম আহসান এবং বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ বক্তব্য দেন।
