চাকরি হারানো সেনাসদস্য প্রতারক চক্রে
হুমকি দিয়ে অর্থ আদায়সহ চাকরি দেয়ার নামে প্রতারক একটি চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব, এদের একজন সেনাবাহিনী থেকে বহিষ্কৃত।
গ্রেপ্তার দুজন হলেন- সাবেক সৈনিক মশিউর রহমান (২৮)এবং নীলক্ষেত এলাকার ফটোকপি দোকানের কর্মচারী মো. সুমন (২০)।
মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে বলে র্যাব-২ এর অধিনায়ক আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, কাফরুলে নিজের বাড়িতে ‘এক্স সার্ভিস স্কট কমান্ড বাহিনী’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে এর মাধ্যমে প্রতারণা করতের মশিউর।
শৃঙ্খলা ভঙ্গের জন্য ২০০৯ সালে সেনাবাহিনী থেকে চাকরি যাওয়া মশিউর সেনাবাহিনীতে চাকরি দেয়া কিংবা বিদেশ পাঠানোর কথা বলে অর্থ নিত।
র্যাব-২ এর কার্যালয়ে কাফরুল এলাকার সিটি পার্ক চাইনিজ রেস্তোরাঁর কর্মচারী আবদুস সালাম সজল সাংবাদিকদের বলেন, দুই বছর আগে মশিউর তাকে বিদেশে পাঠাবে বলে সাড়ে ৪ লাখ টাকা নিয়েছিল।
বিভিন্ন প্রতিষ্ঠানে মালিকদের কাছে চাঁদা চেয়ে তা না দিলে মেরে ফেলার হুমকিও মশিউর দিত বলে র্যাব জানায়। আর হুমকি সম্বলিত চিঠি তৈরি করে দিত সুমন।
শ্যাওড়াপাড়ার জৈনপুর ফার্নিচারের মালিক হারুন খান এই ধরনের হুমকি পাওয়ার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, টাকা না দিলে তার দোকান কিভাবে পুড়িয়ে দেয়া হবে, তার ছক এঁকে দেখিয়েছিল মশিউর।
“হুমকি পাওয়ার পর প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ি। এত টাকার কষ্টের ব্যবসা প্রতিষ্ঠান কেউ আগুন দিয়ে পুড়িয়ে দেবে, এটা ভেবে রাতের ঘুম বন্ধ হয়ে গিয়েছিল।”
র্যাব কর্মকর্তা আজাদ বলেন, “মশিউরের ব্যাংক হিসাবে ৩৫ লাখ টাকা রয়েছে বলে জানা গেছে। যেহেতু সে কোনো কাজ করে না, তাই বলা যেতে পারে সেগুলো প্রতারণা করে অর্জিত টাকা।”
এদিকে ‘ভুয়া ক্যাপ্টেন’ পরিচয়ে প্রতারণার অভিযোগে মোর্শেদ কামাল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দীন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোররাতে মোহাম্মদপুরের আদাবরের এক বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামাল ‘সেন্ট্রি সিকিউরিটি’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী।
“প্রতারক মোর্শেদ নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে প্রতারণা করে আসছিল,” বলেন র্যাব কর্মকর্তা রায়হান।
