পুলিশ পরিচয়ে বাগেরহাটে ১৩ লাখ টাকা ছিনতাই
দিনে দুপুরে পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বাগেরহাটের এক ধান ব্যবসায়ীর প্রায় সাড়ে ১৩ লাখ টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা।
সোমবার দুপুরে বাগেরহাট শহরের কেবি মাছ বাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান বলেন, “পুলিশ পরিচয় দেয়া ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।”
বাগেরহাট শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ও বরকত অটো রাইস মিলের সত্ত্বাধিকারী মো. এমদাদ আলী পাইকের দুই ব্যবস্থাপক রুহুল আমিন ও প্রভাত সাহাকে সাদা পোশাকে পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাসে অপহরণ করে এই ছিনতাই করে তারা।
সে সময় ওই দুই ব্যবস্থাপক এ সময় ব্যাংক থেকে টাকা নিয়ে বাইসাইকেলে করে বিসিক শিল্পনগরীতে বরকত অটো রাইস মিলে ফিরছিলেন।
“ওই টাকা থেকে তারা আবার অগ্রণী ব্যাংকে তিন লাখ ৯২ হাজার টাকা এবং ইসলামী ব্যাংকে দুই লাখ ৭৬ হাজার টাকার টিটি করেন।
“বাকি ১৩ লাখ ৩১ হাজার টাকা নিয়ে বাইসাইকেলে করে শহরের বিসিক শিল্পনগরীতে ফেরার পথে কেবি মাছ বাজারের কাছে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে।
“মাইক্রোবাস থেকে দুই তিনজন সাদাপোশাকে নেমে বলে ‘তারা থানা থেকে এসেছে এখনই তাদের সঙ্গে থানায় যেতে হবে।’
ওই ছিনতাইকারী দলটি দ্রুত তাদের দুজনকে মাইক্রোবাসে তুলে তাদের হাতে হ্যান্ডক্যাপ লাগিয়ে দেয় এবং চোখ বেঁধে মাইক্রোবাসে বসিয়ে গাড়ি চালানো শুরু করে।
মাইক্রোবাসটি খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় পৌঁছালে তাদের কাছে থাকা ১৩ লাখ ৩১ হাজার টাকা এবং তিনটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গোপালগঞ্জের দিকে চলে যায়।
পরে স্থানীয় লোকজন তাদের চোখ খুলে দিলে ওরা আমাকে মুঠোফোনে ওই সংবাদ জানায়। টাকা ছিনতাইয়ের সংবাদ পুলিশকে জানানো হয়েছে।
