দিনাজপুরে সালিশে নারী নির্যাতনের অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুরে সালিশ বৈঠকে এক নারীকে শারীরিক নির্যাতনে অভিযোগ উঠেছে।
রোববার রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে এ ঘটনায় চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুকসহ সাতজনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় মামলা করেছেন ওই নারী। তবে থানায় মামলা রেকর্ড হয়েছে মারপিটের।
নির্যাতনের শিকার ছায়মা খাতুন (৩৪) আটরাই গ্রামের শাহাদাত আলীর মেয়ে।
নির্যাতিতা ছায়মা জানান, প্রতিবেশী মুদি দোকানদার মো. সাগরকে (২৮) ব্যবসার জন্য কয়েক দফায় ৬৭ হাজার টাকা ঋণ দেন।
পরে টাকা ফেরত দিতে সাগর তালবাহানা করলে চেয়ারম্যানকে লিখিতভাবে অভিযোগ দেন তিনি ।
তার অভিযোগ, চেয়ারম্যান শনিবার বিকেলে নিজ বাড়িতে উভয়কে সালিশ বৈঠকে ডাকেন।
বৈঠকে চেয়ারম্যান বিবাদী পক্ষের কথা শোনার পর ছায়মা ঘটনার বর্ণনা করে এবং সাক্ষী উপস্থাপন করতে চাইলে চেয়ারম্যান মোফাখখার বলেন ‘তোমার কথা আমি বিশ্বাস করি না। তোমার মতো নষ্টা মেয়ের বিচার করব না।’
তিনি বলেন, “চেয়ারম্যানের আপত্তিকর কথার প্রতিবাদ করলে চেয়ারম্যান আমাকে শারীরিক নির্যাতন করে এবং এক পর্যায়ে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে সালিশ থেকে বের করে দেন।”
এ সময় চেয়ারম্যানের লোকজন সেখানে থাকা তার ছেলে সায়মুন, ভাই ফজলু ও রওশন আলীকে মারধর করে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানা ওসি নাছির উদ্দিন মন্ডল বলেন, রোববার রাতে গৃহবধূর লিখিত এজাহার নথিভুক্ত করা হয়েছে। তবে নারী নির্যাতন নয় মামলাটি হয়েছে মারপিটের অভিযোগে।
এদিকে সালিশ বৈঠকের কথা স্বীকার করলেও কাউকে মারধরের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম ফারুক।
তিনি পাল্টা অভিযোগ করেন, তাকে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ওই মামলা থেকে সোমবার আদালত থেকে তিনি জামিন নিয়েছেন বলেও জানান।
