২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে দুই শিশু নিহত

গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে একটি নির্মাণাধীন মসজিদের ছাদ ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 01:11 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

রোববার রাত সাড়ে ৮টার দিকে কাজীবাড়ী গ্রামে এ দুর্ঘটনায় আরো অন্তত চার শিশু আহত হয়েছে বলে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন শেখ জানিয়েছেন।

নিহতরা হল- স্থানীয় কাজী খালেদ মাহমুদ বিপ্লবের ছেলে কাজী সাফল্য (৭) এবং গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের আব্দুল মান্নানের ছেলে বিশাল (৬)।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাৎ জানান, বিদ্যালয়ে গ্রীষ্মকালীণ ছুটি থাকায় বিশাল তার মায়ের সঙ্গে নানা বেলাল হোসেনের বাড়ি বেড়াতে এসেছিল।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও তিনি জানান।

চেয়ারম্যান ইব্রাহিম বলেন, সন্ধ্যার দিকে নির্মাণাধীন ওই মসজিদের নিচে কয়েকজন শিশু খেলছিল। এদের মধ্যে কয়েকজন খেলাচ্ছলে ছাদে উঠে। এক পর্যায়ে ছাদটি ধসে পড়ে।

এতে নিচে থাকা দুজনের মধ্যে ঘটনাস্থলেই মারা যায় বিশাল।

 গুরুতর আহত সাফল্যকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে সাফল্যের মৃত্যু হয়।

এদিকে, গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নের উত্তর উল্যাবাজার গ্রামে কুয়ায় পড়ে স্কুল পড়ুয়া এক কিশোরের মৃত্যু হয়েছে।  

রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনায় নিহত শামীম মিয়া (১৪) ভরতখালী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। তাকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলাম নামে আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সাঘাটা থানার ওসি রেজাউল করিম।

স্বজনদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের একটি পরিত্যক্ত কুয়া উপরের অংশ পুরাতন কাঠ দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় নুরুল ইসলামের ছেলে শামীম ওই কুয়ার উপর উঠলে কাঠ ভেঙে ভেতরে পড়ে যায়। খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে শামীমকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে এক ঘণ্টা পর রাত ৯টার দিকে শামীমের মৃত্যু হয়।