মাদারীপুরে জোড়া খুনে গ্রেপ্তার ১
মাদারীপুরের রাজৈরে জোড়া খুনের ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার বিকালে ফরিদপুরের সালথা থেকে মো. মহসিন (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে রাজৈর থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন।
শনিবার রাত সোয়া ৯টার দিকে টেকেরহাট বন্দর এলাকায় মাদ্রাসা শিক্ষক আবুল বাশার (৪৫) এবং ভ্যানচালক বেল্লাল শেখ (৩০) খুন হন। তাদেরকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
নিহত বাশারের স্ত্রী শাহিনুর বেগম দাবি করেন, শনিবার রাত পৌনে ৯টার দিকে মহসিন নামে এক ব্যক্তির ফোন পেয়ে তার স্বামী বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপরই খুন হন তিনি।
বাশার রাজৈর উপজেলার রাহেলিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। তার বাড়ি ফরিদপুরের সালথায়।
ভ্যানচালক বেল্লাল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রাইকদা গ্রামের বাসিন্দা ।বেল্লালও খুনিদের দলে ছিলেন বলে পুলিশের সন্দেহ।
ওসি মনিরুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাশার হত্যাকাণ্ডের সঙ্গে বেল্লাল জড়িত ছিল। পরে হয়তো অবিশ্বাসের কারণে বেল্লালকেও হত্যা করে পালিয়ে যায় তার সহযোগীরা।”
