২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটি চালু না হওয়ায় সংসদীয় কমিটির ক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংদীয় স্থায়ী কমিটির সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 08:12 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

রোববার বন্দর প্রশিক্ষণ ইন্সটিটিউটে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ক্ষোভ জানিয়েছেন কমিটির সদস্যরা।

সভায় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বলেন, “ব্যবহারকারীদের সকলেই এটি চালুর কথা বলছেন। এরপরও দুইবার দরপত্র আহ্বান করেও এনসিটি পরিচালনার দরপত্র বাতিল করা হলো কেন?”

এক্ষেত্রে ‘কার গাফিলতি’ ছিল তা খুঁজে দেখা হবে বলেও জানান তিনি। 

সভা শেষে রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এনসিটি পরিচালনার জন্য দরপত্র আহ্বান করেছিল বন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে জটিলতা হয়েছে। দরপত্র দলিলসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে কোন ব্যবস্থায় চালু করলে ভালো হবে তা কমিটি জানাবে।”

সভায় সংসদীয় কমিটির সদস্য এম এ লতিফ, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. হাবিবুর রহমান, রণজিৎ কুমার রায়, মো. আনোয়ারুল আজীম, মমতাজ বেগম বক্তব্য দেন।

এছাড়াও চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, বার্থ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী ও সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিমও এতে অংশ নেন।

২০০৭ সালে এনসিটির পাঁচটি জেটি নির্মাণ শেষ হয়। এরপর যন্ত্রপাতি কিনে টার্মিনালটি পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়।

এরপর দরপত্র সংশোধনের নামে কয়েকটি প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি নিয়ে আদালতে মামলা হলে এই টার্মিনাল পরিচালনার প্রক্রিয়া ঝুলে যায়।

সর্বশেষ বন্দর কর্তৃপক্ষ নিজেদের টাকায় যন্ত্রপাতি কিনে টার্মিনাল পরিচালনার উদ্যোগ নেয়। তবে সংসদীয় কমিটি এবং অর্থমন্ত্রী  যন্ত্রপাতি কেনার প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দেন।

সভার পর সংসদীয় কমিটির সদস্যরা বন্দরের নিরাপদ নৌ-চলাচল প্রকল্প ভিটিএমআইএসের কার্যক্রম পরিদর্শন করেন।