চট্টগ্রামে ইউএসটিসি’র শিক্ষক-কর্মকর্তা-চিকিৎসকদের বিক্ষোভ
নানা দাবিতে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বেসরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)-এর শিক্ষক-কর্মচারীরা।
রোববার সকাল ১০টায় শিক্ষক-কর্মচারীরা সড়কে অবস্থান নেয়। এসময় গুরুত্বপূর্ণ জাকির হোসেন সড়কের পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থায়ী উপাচার্য নিয়োগ, শূন্য পদে শিক্ষক নিয়োগ, চাকরি বিধিমালা প্রণয়ন ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন।
“এরমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সভায় বেতনÑভাতা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এমন খবর পেয়ে আজ শিক্ষক-কর্মচারীরা রাস্তায় অবস্থান নেন।”
এসআই মামুন বলেন, “আমরা তাদের আশ্বস্ত করেছি এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।”
এই বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি মেডিকেল কলেজসহ হাসপাতালও পরিচালিত হয়।
আন্দোলনরত শিক্ষক ও চিকিৎসক সাইফুদ্দিন নাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৩০ মে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে হাসপাতাল পুরোপুরি চালু না হলে শিক্ষক-চিকিৎসক-কর্মচারীদের মে মাসের বেতনÑভাতা দেয়া হবে না।”
গত মে মাসে কয়েক দফায় কর্মবিরতি পালন করে ইউএসটিসির শিক্ষক-চিকিৎসক-কর্মচারীরা।
একারণে এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হাসপাতালের বিভিন্ন বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম চালু ছিল।
সাইফুদ্দিন বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন- ২০১০ থাকলেও এখানে তা মানা হচ্ছে না। আমরা আইনানুসারে পূর্ণাঙ্গ চাকরি বিধিমালা ও সুযোগ-সুবিধার দাবিতে আন্দোলন করছি। এ পর্যায়ে বেতন-ভাতা বন্ধ রাখার সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।
অবিলম্বে ইউএসটিসির শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ সংবাদ সম্মেলন এবং স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সাইফুদ্দিন।
