আগৈলঝাড়ায় একবাড়িতে মুখোশধারীদের লুটপাট
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আনসারের সাবেক এক কর্মকর্তার বাড়িতে ‘ডাকাতির’ ঘটনা ঘটেছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার বাকাল গ্রামে এ ঘটনা ঘটে। তবে ওই পরিবারের দাবি ঘটনাটি ডাকাতি নয়।
আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, আনসারের সাবেক উপ-পরিচালক মৃত ফকির আ. মাজেদ মিয়ার বাড়িতে ৭/৮ জনের মুখোশধারী ডাকাত দল হানা দেয়।
তারা বাড়ির সবাইকে বেঁধে রেখে জমির দলিল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে বলে জানান ওসি।
মৃত ফকির আ. মাজেদ মিয়ার মেয়ে কলেজ শিক্ষিকা সাবানা ইয়াসমিন জানান, সপ্তম শ্রেণিতে পড়ুয়া বোনের ছেলে শোভন, গৃহকর্মী ফুলি বেগম. আনোয়ারা বেগম ও তার ছেলে সাইদুল বাড়িতে ছিল।
গভীর রাতে ৭/৮ জন মুখোশধারী দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের মুখে তাদের হাত-পা বেঁধে ফেলে।
পরে আলমারি ভেঙে জমির দলিল, ২০ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল সেট ও নগদ ১০/১২ হাজার টাকা নিয়ে যায় বলেদাবি করেন তিনি।
সাবানা ইয়াসমিনেরি আরো দাবি করেন, “মুখোশধারীরা ডাকাত ছিল না।”
একটি সংঘবদ্ধ চক্র পূর্ব পরিকল্পিতভাবে কাজটি করেছে। কারণ হিসেবে তিনি বলেন, ডাকাত হলে তারা জমির দলিল নিতো না।
