২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আন্দোলন জোরদার করাই লক্ষ্য’

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে জোরালো আন্দোলন গড়ে তোলাই বিএনপির একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2014, 02:32 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর আগে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ফখরুল বলেন,  “দেশে আজ গণতন্ত্র নেই। গুম-অপহরণ-খুন- নির্যাতনের মাধ্যমে সরকার এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে।

“এ অবস্থা থেকে উত্তরণে আজকে আমাদের শপথ হচ্ছে- বর্তমান ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে আন্দোলন বেগবান করাই হচ্ছে আজকের দিনে আমাদের শপথ।”

বর্তমানে দেশে মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই-মন্তব্য বিএনপির মুখপাত্র বলেন, “মানুষের অধিকার কেড়ে নেয়া হয়েছে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে সরকার বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে।”

সরকার হটাতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

“আমরা আন্দোলন বেগবান করবো। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াকে ‘নতুন বাংলাদেশের’ নির্মাতা  ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে অভিহিত করে তার প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

জিয়ার ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতা-কর্মীরা শেরেবাংলা নগরে প্রয়াত নেতার কবরে ফুল দেন।

১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে কয়েকজন সেনা সদস্যদের হাতে নিহত হন সামরিক শাসক জিয়াউর রহমান । বিএনপি এই দিনটিকে তার ‘শাহাদাত বার্ষিকী’ হিসেবে পালন করে আসছে।

এ উপলক্ষে তারা ১৪ দিনের কর্মসূচি পালন করছে।

জিয়ার কবরে ফুল দেয়ার পর রাজধানীর খামার বাড়ি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠ প্রাঙ্গণ, মোহাম্মদপুর টাউন হল, শহীদ পার্ক, কলাবাগান, পল্টন কমিউনিটি সেন্টারে দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান খালেদা জিয়া।

জুমার নামাজের সময় সেখানে কাটিয়ে আবার শাহজাহানপুর, মতিঝিল, কমলাপুর, প্রেসক্লাব, হাই কোর্টের ফটক, নবাবপুর, ধোলাইখাল, বংশাল ও নয়াবাজার দুঃস্থদের মাঝে খাবার বিতরণের কথা রয়েছে তার।