জিয়ার সমাধিতে খালেদার ফুল
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শেরেবাংলা নগরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রয়াত স্বামীর সমাধিস্থলে যান খালেদা জিয়া।
ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণের পর নেতা-কর্মীদের নিয়ে এক মিনিট নিরবে দাঁড়িয়ে বিএনপির প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানান তিনি।
এরপর কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন খালেদা জিয়া। জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে নিহত হন সাবেক সামরিক শাসক জিয়াউর রহমান। বিএনপি এ দিনটিকে প্রয়াত নেতার ‘শাহাদত দিবস’ হিসেবে পালন করে।
এ উপলক্ষে গত ২৭ মে থেকে ১৪ দিনের কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা।
সকালে জিয়ার প্রতি সন্মান জানাতে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনে দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণের সময়ে দলীয় চেয়ারপারসনের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, সেলিমা রহমান, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, হবিবুর রহমান হাবিব, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, এম এ মালেক, মুনির হোসেন, সৈয়দ এমনান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, সুলতান সালাহউদ্দিন টুকু, জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধানসহ বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার পর পর্যায়ক্রমে মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, জাসাস, ডক্টরস অ্যাসোসিয়েশ-ড্যাব, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এ্যাব, ওলামা দল, ছাত্রদল, সম্মিলিত পেশাজীবী পরিষদ, বাস্তহারা দল, ভূমিহীন দল, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সহযোগী ও পেশাজীবী সংগঠন আলাদাভাবে জিয়ার কবরে ফুল দেয়।
রক্তাদান
মিলাদ মাহফিল শেষে জিয়ার কবর প্রাঙ্গণে ড্যাব ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ড্যাবের সভাপতি অধাপক এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, জিসাস সভাপতি আবুল হাশেম রানা উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ
জিয়ার কবরে ফুল দেয়ার পর পৌনে ১২টার দিকে ফার্মগেইটের কাছে খামার বাড়ির টিঅ্যান্ডটি মাঠ প্রাঙ্গণে স্থানীয় বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন খালেদা জিয়া । এরপর তিনি যান মোহাম্মদপুরের টাউন হল ও শহীদ পার্ক প্রাঙ্গণে।
খালেদা জিয়ার সঙ্গে মির্জা আব্বাস, সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম প্রমুখ নেতারা খাবার বিতরণে রয়েছেন।
এদিন মোহাম্মপুর ছাড়া ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, পল্টন, মতিঝিল, শাহবাগ, শাহজাহানপুর, কোতোয়ালি ও বংশালের ২৫ টি স্পটে খালেদা জিয়া দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন বলে মহানগর কমিটির সদস্য সচিব সালাম জানান।
এর বাইরে শনি ও রোববারও এই কর্মসূচি চলবে বলে জানান তিনি।
