নারায়ণগঞ্জে দুই অটোরিকশা চালকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁও ও রুপগঞ্জ থেকে দুই অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সোনারগাঁওয়ের চেঙ্গাইন এলাকার একটি ডোবা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ইদ্রিস আলী (৩৫) এবং দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পলকান এলাকায় জাফর মিয়ার (২২) লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি রিয়াজুল হক জানান, শুক্রবার উপজেলার কাঁচপুর মাস্টার বাড়ির ভাড়াটিয়া ইদ্রিস আলী অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি।
সকালে চেঙ্গাইন এলাকার একটি ডোবায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, সকালে উপজেলার পলখান এলাকায় অটোরিকশা চালক জাফর মিয়ার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খরর দেয়। জাফরের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যার পর ওই স্থানে ফেলে গেছে।
জাফর মিয়া উপজেলার তারাবো রূপসী এলাকার আব্দুর রহিমের ছেলে।
