২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নৈশ কোচে ডাকাতি

গাইবান্ধার পলাশবাড়ীতে নৈশ কোচে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয়েছেন তিনজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 12:24 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে গড়েয়া ব্রিজ এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের গাইবান্ধা সংযোগ অংশে ঢাকা থেকে গাইবান্ধাগামী আলহামরা পরিবহনের একটি নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটে।

আহতরা হলেন, কোচ চালক দীন ইসলাম (৫০), চালকের সহকারী মন্টু মিয়া (৪০) ও যাত্রী জোবায়ের আলী (৪৮)।

আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাসের সুপার ভাইজার আতিকুল ইসলামের বরাত দিয়ে ওসি বলেন, বাসটি ওই এলাকায় পৌঁছলে ১৬/১৭ জনের ডাকাতদল সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িটির গতিরোধ করে। এরপর জানালার গ্লাস ভেঙ্গে চালক ও তার সহকারীকে ছুরিকাঘাত করে বাসে ওঠে।

অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে তাদের মালামাল নিয়ে যায় ডাকাতরা। এ সময় ডাকাতদের মারধরে ও ছুরিকাঘাতে জোবায়ের আলী গুরুতর আহত হন।

তিনি আরো বলেন, খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এর আগে গত বুধ ও শনিবার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট একবারপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এবং সোমবার গাইবান্ধার ধাপেরহাট-আমবাগান পাকা সড়কের কলমের বটেরতল এলাকায় নৈশ কোচে ডাকাতি হয়।