দীঘিনালায় বিজিবির জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায় বিজিবি সেক্টর হেডকোয়ার্টার স্থাপন করার জন্য ভূমি অধিগ্রহণের প্রতিবাদে অবস্থান ধর্মঘট করেছে পাহাড়িরা।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির ব্যানারে অবস্থান ধর্মঘটের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেলের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে ক্ষতিগ্রস্ত পাহাড়ি পরিবারগুলো।
অবস্থান ধর্মঘটের পর দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য নতুন চন্দ্র কার্বারীর সভাপতিত্বে সদস্য দীপংকর চাকমার সঞ্চালনায় সমাবেশ হয়।
এতে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য পূর্ণ চন্দ্র চাকমা ১নং দীঘিনালা ওয়ার্ড মেম্বার সাধন চাকমা দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য সুজয় চাকমা।
সমাবেশে সংহতি প্রকাশ করেন পিসিপি কলেজ শাখার সভাপতি রুপেশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা শাখার সদস্য জীবন চাকমা ও ইউপিডিএফ দীঘিনালা উপজেলা শাখার সংগঠক কিশোর চাকমা।
বক্তারা অবিলম্বে বাবুছড়ায় বিজিবি সেক্টর স্থাপনের নামে ভূমি বেদখল বন্ধের দাবি জানান।
