২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

নিখোঁজের দুদিন পর মৌলভীবাজার পৌর এলাকার ভাড়া বাড়ি থেকে এক ব্যাসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার বিকালে জিয়াদ আহমদের (১৯) লাশ তার ভাড়া বাড়ি জাহানারা ভিলার বাথরুমে পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

জিয়াদ ফেনীর সোনাগাজী উপজেলার কালা মিয়ার ছেলে। শহরের চুবড়া এলাকায় জাহানারা ভিলা নামের বাড়িটি ভাড়া নিয়ে শরিয়ত প্যাকেজিং নামে একটি প্লাস্টিক কোম্পানি চালাতেন জিহাদ।

মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুস ছালেক জানান, শনিবার বিকালে শহরে চুবড়া এলাকা থেকে জিয়াদ নিখোঁজ হন।

সোমবার বিকাল ৪টায় ওই বাসার তালা দেয়া একটি বাথরুম থেকে তার লাশ উদ্ধার করে সিলেট পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এ সময় হত্যার কাজে ব্যবহৃত বটি দাসহ বিভিন্ন আলামত জব্দ করেছে সিআইডি।

জিহাদের চাচা শহিদ মিয়া জানান, রোববার রাত থেকে পরিবারের লোকজন তাকে ফোনে পাচ্ছিলেন না। এজন্য সোমবার তিনি খোঁজ নিতে ফেনী থেকে মৌলভীবাজারের ওই বাসায় আসেন বলে জানান।

“এ সময় খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে বাথরুমের মধ্যে জিহাদের গলাকাটা লাশ দেখতে পাই,” বলেন তিনি।

ওসি ছালেক জানান, সহযোগীরা জিয়াদকে হত্যার পর তালা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে, বলেন তিনি।