রিহ্যাবের নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের নির্বাচন কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
সোমবার এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। বাণিজ্য সচিবের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রিহ্যাবের নির্বাচনের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ায় আদালতে আবেদনটি করেন সংগঠনের সদস্য আবু ইউসুফ আব্দুল্লাহ।
আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রার্থিতা প্রত্যাহার না করা সত্ত্বেও এবং বৈধ প্রার্থী হিসাবে ঘোষণার পরও কোনো আইনগত প্রক্রিয়া ছাড়া রিটকারীর নাম প্রার্থী তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
“বোর্ডের কাছে আবেদন করার পরও তা সংশোধন করা হয়নি। এ কারণে তিনি প্রতিকার চেয়ে হাই কোর্টে এসেছেন। হাই কোর্ট নির্বাচন কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে।”
আদালত আদেশে স্থগিতাদেশ দেয়ার পাশপাশি রুলও জারি করেন। রুলে ইউসুফ আব্দুল্লাহকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।
বাণিজ্য সচিব, রিহ্যাবের নির্বাচন পরিচালনা বোর্ড ও বোর্ডের চেয়ারম্যানসহ অন্য বিবাদিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটে বলা হয়, গত ৬ মার্চ রিহ্যাব নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুসারে ৩১ মে নির্বাচন এবং ৭ জুন ফলাফল ঘোষণার কথা ছিল।
“তফসিল অনুসারে ৭ মে যাচাই বাছাই করে ৭৭ জন বৈধ প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ১৪ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ২১ জনকে রেখে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। রিটকারী তার প্রার্থিতা প্রত্যাহার না করা স্বত্ত্বেও তাকে বাদ দেয়া।
“পরে তিনি নির্বাচন পরিচালনা বোর্ড ও এফবিসিসিআইয়ের আরবিট্রেশন ট্রাইব্যুনালে যান। কিন্তু কোনো প্রতিকার পাননি।”
