শতাধিক নয়, ঢাবির ৪৩ শিক্ষার্থী বহিষ্কার
পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও বিভিন্ন অপরাধে ঢাকা বিশ্ববিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত বিভিন্ন কলেজ-ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
রোববার রাতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্তের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী শতাধিক শিক্ষার্থীকে বহিষ্কারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।
তবে সোমবার তিনি জানান,৪৩ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ৫৯ জনকে জরিমানা ও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পাশাপাশি পিএইচডি থিসিসে (অভিসন্দর্ভ) জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নূর উদ্দিন আলোকে চাকরিচ্যুত করার সিদ্ধান্তও নেয়া হয়।
প্রক্টর জানান, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তিন জনের পরীক্ষা বাতিল এবং তিন বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
১১ জনের পরীক্ষা বাতিল করে তাদের দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ২৭ জনের পরীক্ষা বাতিলের সঙ্গে তাদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
আর দুই জনকে শুধু পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে, বলেন প্রক্টর আমজাদ।
বাকি ৫৯ জনকে শৃঙ্খলাভঙ্গসহ বিভিন্ন অভিযোগে ৫ হাজার টাকা করে জরিমানা এবং মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
প্রক্টর জানান, শাস্তিপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি ৩৩ জন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ২৫ জন।
