২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী টোকিওতে

চার দিনের সরকারি সফরে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছার পর লালগালিচা সংবর্ধনা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 02:39 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

রোববার স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শনিবার রাত সোয়া ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবনবন্দর ছাড়েন। 

টোকিওতে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আকাসাকা প্রাসাদে নিয়ে যাওয়া হয়। সফরকালে এখানেই অবস্থান করবেন তিনি।

আকাসাকা প্রাসাদে শেখ হাসিনাকে অভ্যর্থণা জানান জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান শিগেইয়ুকি হিরোকি।

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার এটাই শেখ হাসিনার জাপানে তার প্রথম সরকারি সফর। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী,প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান, বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের সদস্য সুপ্তভূষণ বড়ুয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান।

এছাড়া ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহদসহ ব্যবসায়ীদের ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদলও রয়েছে শেখ হাসিনার সফরসঙ্গীদের দলে।

সফরের দ্বিতীয় দিন শেখ হাসিনা জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে সাক্ষাত করবেন। সেদিনই জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন তিনি।

শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে সই করার পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। রাতে শেখ হাসিনা তার সম্মানে শিনজো আবের আয়োজিত নৈশভোজে যোগ দেবেন ।

মঙ্গলবার টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তিনি শেখ হাসিনা।

ওইদিনই টোকিও কাইনাকে জাপান শিল্প ও বণিক সমিতির অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।  সেখানে জাপান-বাংলাদেশ বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা কমিটি, জাপান শিল্প ও বণিক সমিতি, জাপান বণিক সংঘ এবং জাপান বৈদিশিক বাণিজ্যিক কাউন্সিলের মধ্যাহ্ন ভোজেও অংশ নেবেন শেখ হসিনা।

পরে জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থার সদর দপ্তরেও যাবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন জাপানের প্রেসক্লাবে যাবেন তিনি। এরপর সন্ধ্যায় তিনি জাপানে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

২৯ মে সকালে দেশে ফেরার কথা শেখ হাসিনার।

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর জাপান সফরে সৃষ্টি হবে নতুন অধ্যায়