২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ যখন ‘জিনের বাদশা’র সহযোগী

রাজধানীতে ‘জিনের বাদশা’-এর সহযোগী পরিচয়ে প্রতারণা করে টাকা নেয়ার সময় গণপিটুনির শিকার হয়েছেন এক পুলিশ সদস্য ও তার সহযোগী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 09:17 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকরা হলেন- ঢাকা মহানগর পুলিশের কনস্টেবল মাজহারুল ইসলাম মাজেদুল (৪০) ও মাহমুদুল হাসান।

রামপুরা থানার উপপরিদর্শক মো. মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার দুপুরে রামপুরা এলাকায় নিজেদের জিনের বাদশার সহযোগী পরিচয় দিলে তারা গণপিটুনি খান। এরপর তাদের পুলিশ আটক করে।”

তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান তিনি।

মামুনুর রশীদ জানান, পশ্চিম রামপুরার ওমর আলী লেনের ২৬/২ নম্বর বাড়ির বাসিন্দা মামুনের মোবাইল ফোনে কয়েক মাস ধরে জিনের বাদশা পরিচয় দিয়ে রাশেদ নামের এক লোক নিয়মিত ফোন করতেন।

তিনি মামুনকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতেন।

জিনের বাদশার পরিচয়দানকারী রাশেদ ফোনে মামুনকে বলতেন, ‘তুই আমাকে ১৫ লাখ টাকা দিলে সাত হাড়ি স্বর্ণ-মুক্তা পাবি।’

মামুন তাদের টাকা দিতে রাজি হওয়ার কথা জানিয়ে রামপুরায় আসতে বলেন। পরে সেখানে গিয়ে মাজেদুল ও তার বন্ধু মাহমুদুল নিজেদের জিনের বাদশার সহযোগী পরিচয় দিয়ে মামুনের সঙ্গে দেখা করে টাকা চান।

এসময় স্থানীয়রা তাদের ধরে পিটুনি দেয়।

খবর পেয়ে রামপুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ কর্মকর্তা মামুনুর রশীদ জানান।