ফোনে ভোটারতালিকা হালনাগাদের তথ্য
ভোটারতালিকা হালনাগাদের চলমান কার্যক্রমের সবধরনের তথ্য ফোনে জানানোর সুযোগ করে দিয়েছে নির্বাচন কমিশন।
কোথায়, কবে ছবিসহ ভোটারতালিকা হালনাগাদের কাজ চলছে তা জানতে ০১৭৬২৬৮২৩৬১-৬৪ নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।
এ কর্মকর্তা জানান, সারাদেশে ভোটারতালিকা হালনাগাদের কাজ চলছে। তিন পর্যায়ে এ কাজ হবে। প্রথম পর্যায় ১৫-২৮ মে ১৮১, দ্বিতীয় পর্যায় ১৫-২৪ জুন ২১৮ এবং তৃতীয় পর্যায় ১-১০ সেপ্টেম্বর ১১৫টি উপজেলা/থানায় হালনাগাদের কাজ চলবে।
আসাদুজ্জামান বলেন, হালনাগাদের সময়সহ যে কোনো তথ্য অফিস চলাকালীন সময়ে ০১৭৬২৬৮২৩৬১ (ঢাকা), ০১৭৬২৬৮২৩৬২ (চট্টগ্রাম ও সিলেট), ০১৭৬২৬৮২৩৬৩ (খুলনা ও বরিশাল) এবং ০১৭৬২৬৮২৩৬৭ (রাজশাহী ও রংপুর) নম্বরে ফোন করে জানা যাবে।
তিনি জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্যদের তথ্য সংগ্রহ করা হচ্ছে নির্ধারিত উপজেলাগুলোয়। হালনাগাদের বিষয়ে স্থানীয়ভাবে মাইকিংসহ নানা প্রচারণাও চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মোবাইল ফোনে এসএমএসও দেয়া হয়েছে। প্রয়োজন হলে ফোনেও তথ্য জানানোর সুযোগ রাখা হয়েছে।
