২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালের কণ্ঠের বিরুদ্ধে অবমাননার অভিযোগ ট্রাইব্যুনালে

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিযুক্ত প্রসিকিউশনের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদ প্রকাশ করায় দৈনিক কালের কণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 08:05 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

এজন্য পত্রিকাটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউটর মোহাম্মদ আলী।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে অধিকতর শুনানি এবং আদেশের জন্য আগামী ২৮ মে পরবর্তী দিন রেখেছে।

অভিযোগের শুনানিতে প্রসিকিউটর মোহাম্মদ আলী বলেন, “মিডিয়া-গণমাধ্যম স্বাধীনতার চর্চা করতে গিয়ে এমন কিছু কথা বলে, যার কিছু কিছু রাষ্ট্রের বিরুদ্ধে যায়। প্রসিকিউশনের দক্ষতা নিয়ে কালের কণ্ঠ যে প্রতিবেদন প্রকাশ করেছে লাগামহীনভাবে তা উদ্দেশ্যপ্রণোদিত হয়েছে।

“আমাদের হেয় প্রতিপন্ন করার জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।এ বিষয়ে এখন পদক্ষেপ না নিলে আবারো এ ধরনের প্রতিবেদন প্রকাশ হবে।”

এ সময় তিনি গত ১১ মে কালের কণ্ঠে প্রকাশিত ‘অদক্ষ প্রসিকিউশনের কর্মকাণ্ড, দ্রুত বিচার করতে বাধা’ শিরোনামের পুরো প্রতিবেদনটি পড়ে শোনান।

মোহাম্মদ আলী বলেন, এ প্রতিবেদনের মাধ্যমে বিচার বিভাগে হস্তক্ষেপ করা হয়েছে।

ট্রাইব্যুনাল প্রতিবেদনটি প্রকাশের পর প্রসিকিউশনের পক্ষ থেকে কোনো সংশোধনী দেয়া হয়েছে কি না জানতে চাইলে মোহাম্মদ আলী বলেন, ‘রিজয়েন্ডার দিতে চেয়েছি। আমাদের কেউ কেউ তা মানতে চাইছেন না। সব প্রতিষ্ঠানেই ব্যতিক্রমী কিছু আছে না? আমি সে কথা বলতে চাই না। কারো করো ব্যক্তিগত এজেন্ডা থাকতে পারে। এটা জায়গামতো বলা হবে।”

এ সময় ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, “শুধু একটি পত্রিকায় না, আরো অনেক পত্রিকাতেই এ ধরনের সংবাদ প্রকাশ হয়েছে। আপনারা কেন শুধু এই একটিমাত্র পত্রিকার বিরুদ্ধে অভিযোগ করেছেন?”

জবাবে মোহাম্মদ আলী বলেন, “এ পত্রিকাটি সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে। আর এটার মধ্যে কনটেম্পট দেয়ার মতো কথা আছে বলেই এর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি।”

সোয়া এক ঘণ্টার শুনানি শেষে ট্রাইব্যুনাল পরর্বতী শুনানির দিন রাখে।