২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবারের কাছ থেকে টাকা নিতে ‘অপহরণ নাটক’

পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নিতে অপহরণের ঘটনা সাজিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন ঝিনাইদহের এক যুবক।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 02:42 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শহরের হামদহ এলাকা থেকে মাসুমকে (৩০) আটক করা হয় বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন।   

হামদহ খোন্দকারপাড়ার মোতালেব মিয়ার ছেলে মাসুম অপহৃত হয়েছেন বলে পরিবারের কাছে টেলিফোন করে তাকে ছাড়িয়ে আনতে বাসায় ফোন করেছিলেন।

ওই ফোনের সূত্র ধরে পুলিশ মাসুমকে উদ্ধার করার পর জানতে পারে, তিনি নিজেই লুকিয়ে ছিলেন।

পুলিশ সুপার আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানিয়েছে, তার বড় ভাই সৌদি প্রবাসী ইসরাইল হোসেনের কাছ থেকে টাকা আদায়ের জন্য সে অপহরণ নাটক সাজিয়েছিল।”

মাসুম বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, ডিবি পুলিশ তাকে আটকে রেখেছে এবং এক লাখ ৭৪ হাজার টাকা না দিলে ‘ক্রসফায়ারে’ হত্যা করার হুমকি দিচ্ছে।

এই খবর শুনে মাসুমের পরিবার সকালে ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করে। এর পরপরর মাসুমের সন্ধানে নামে পুলিশ।

মাসুমের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা হয়েছে বলেও জানান পুলিশ সুপার আলতাফ।