প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ডাব্লিউ এ সারথ কুমারা ওয়েরাগোদা।
শ্রীলঙ্কার বিদায়ী রাষ্ট্রদূত মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে যান বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল সাংবাদিকদের জানিয়েছেন।
বাংলাদেশে অবস্থানকালে সর্বাত্মক সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওয়েরাগোদা।
তিনি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ হিসাবে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকার আশাবাদ প্রকাশ করেন বলেও মাহবুবুল হক জানান।
তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো একসঙ্গে কাজ করলে এবং একে অপরকে সহযোগিতা করলে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপও এসময় উপস্থিত ছিলেন।
