২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে গৃহকর্মীকে ‘হত্যা’, গৃহকর্তা আটক

পঞ্চগড়ের বোদা উপজেলায় এক পুরুষ গৃহকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক গৃহকর্তার বিরুদ্ধে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 07:18 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

মঙ্গলবার বোদা ইউনিয়নের খালপাড়া এলাকায় গৃহকর্তা সোলায়মান আলীর বাড়ি থেকে মো. ইলিয়াসের (২৮) লাশ উদ্ধার করে পুলিশ।

সোলায়মান আলীকে আটক করা হয়েছে।

বোদা থানার ওসি মজনুর রহমান জানান, সোলায়মান আলীর বাড়িতে গৃহকর্মী ছিলেন ইলিয়াস। শারীরিক অসুস্থতার কারণে গত সোমবার তার কাজে আসতে দেরি হয়। এতে গৃহকর্তা তাকে মারপিট করেন।

আবারো মারপিটের ভয়ে মঙ্গলবার তিনি কাজে না গিয়ে পাশ্ববর্তী এক বাড়িতে গিয়ে লুকিয়ে থাকেন।

এতে ক্ষুব্ধ হয়ে সোলায়মান আলী ওই বাড়ি থেকে ইলিয়াসকে টেনেহিঁচড়ে নিজের বাড়ি নিয়ে মারপিট করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ইলিয়াসের স্ত্রী মারুফা বাদী হয়ে গৃহকর্তা সোলায়মানের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।

ইলিয়াসের লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আক্তার হোসেনসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মৃত ইলিয়াসের স্ত্রী মারুফা জানান, ডেকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে তাকে খবর দেওয়া হয় ইলিয়াস আলীর অবস্থা গুরুতর। তিনি গিয়ে দেখেন তার স্বামী মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে।

গৃহকর্তা সোলায়মান তার স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন বলে দাবি করেন ইলিয়াসের স্ত্রী মারুফা।