বেনাপোলে নারী-শিশুসহ আটক ৩০
অবৈধ পথে ভারত যাওয়ার সময় নারী-শিশুসহ ৩০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
সোমবার বেনাপোলের পুটখালি সীমান্তে আটকদের মধ্যে ১৫ জন পুরুষ, ৯ জন নারী এবং ছয়টি শিশু রয়েছে।
এদের বাড়ি ফরিদপুর, বাগেরহাট, নড়াইল, খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
খুলনা ২৩ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানান, অবৈধ পথে মিথ্যা প্রলোভন দেখিয়ে দালালরা ভারতে নারী, পুরুষ ও শিশু পাচার করছে খবর পেয়ে বিজিবির একটি টহলদল অভিযান চালায়।
পুটখালি সীমান্তের চরেরমাঠ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান শফিউদ্দিন।
এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক শরীফ হাবিবুর রহমান হাবিব।
