২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ভণ্ডপীর ফিরোজ গ্রেপ্তার

রংপুরে এক ভণ্ডপীরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 08:21 PM

Updated : 25 Apr 2022, 04:11 PM

শনিবার বিকেল ৩টায় রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় একটি বাড়ি থেকে ফিরোজ কবীরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

বিকেলে র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

র‌্যাব-১৩ রংপুরের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমাণ্ডার মোতাহের হোসেন বলেন, “ফিরোজ কবীর নিজেকে কখনও পীর আবার কখনও নবী দাবি করে কোরআন-হাদীসের অপব্যাখ্যা দিয়ে সহজ সরল মুসলমানকে বিপথগামী করতেন।”

ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ফিরোজ তা স্বীকারও করেছেন বলে সাংবাদিকদের জানান তিনি। 

ফিরোজ ধর্মকে ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নগরীর মাহিগঞ্জ বড় হাজরা এলাকায় ‘কবিরিয়া দরবার শরীফ’ প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি অগ্নিপূজার মাধ্যমে রোগব্যাধী ভালো করার নামে মানুষের সঙ্গে প্রতারণা করতেন বলে জানান তিনি।

এ ধরণের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয় এলাকার মানুষ। গত ২৮ এপ্রিল ঈমান আকিদা সংরক্ষণ কমিটির ব্যানারে বিভিন্ন ধর্মীয় সংগঠন ফিরোজ কবীরের গ্রেপ্তার দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। একই দাবিতে তারা জেলা প্রশাসক পুলিশ সুপারের কাছে স্মারকলিপিও দেয়।

এরপর আত্মগোপনে চলে যান ফিরোজ কবির।

কবিরীয় দরবার শরীফের সভাপতি হাফিজুর রহমান হাফিজ বলেন, “রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ছোট পোয়া তৈয়বুর রহমানের ছেলে ফিরোজ কবির (৪৩) বিমান বাহিনী থেকে চাকুরিচ্যুত হয়ে প্রথমে লালমনিরহাটের হাড়াঠি ইউনিয়নের শাহ আহম্মেদ কবির(র:) এর নামে শহরের মিশন মোড়ে বাড়ি ভাড়া নিয়ে দরবার খুলে বসেন।

“নিজেকে পীর ও নবী দাবি করার পাশাপাশি অনৈসলামিক কর্মকাণ্ড ও অপকর্মের জন্য এলাকাবাসী ২০১০ সালে ফিরোজকে স্থানীয় সাবেক কাউন্সিলর মোস্তফার নেতৃত্বে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করা হয়।

“সেখান থেকে বিতাড়িত হয়ে তিনি রংপুর নগরীর শালবনে এসে বসবাস শুরু করেন। এরপর ২০১২ সালের ১ মে রংপুর নগরীর সেন্ট্রাল রোডের ৯৬ নম্বর বাসা ভাড়া নিয়ে ‘শাহানশাহ কবিরিয়া’ নামে দরবার শরীফের কার্যক্রম শুরু করেন। এক পর্যায়ে মাহিগঞ্জের বড় হাজরায় ২৪ শতক জমি কিনে সেখানে গড়ে তোলেন ‘শাহানশাহ কবিরিয়া দরবার শরীফ’।

২০১৩ সালের ১১ মার্চ দরবারটি ভক্তদের অনুষ্ঠানের মাধ্যমে উম্মুক্ত করে দেয়া হয়।

তিনি বলেন, “তার কর্মকাণ্ডে সন্দেহ হলে আমরা তার সঙ্গ ত্যাগ করি এবং বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাই।

“তার গ্রেপ্তার দাবিতে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাবসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে সকল লিখিতভাবে আবেদন করি।”