আইডিয়ালকে পিছে ফেলে দেশসেরা রাজউক
এসএসসি পরীক্ষায় দেশের আট শিক্ষা বোর্ডের মধ্যে এবার দেশসেরা হয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ।
গত বছর রাজউককে পিছে ফেলে দেশসেরা হওয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে।
এবছর দেশসেরা ১০টির মধ্যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানই ঢাকা বোর্ডের।
চট্টগ্রাম বোর্ডের দুইটি এবং কুমিল্লা ও দিনাজপুর বোর্ডের একটি করে প্রতিষ্ঠান দেশসেরা ১০-এ স্থান করে নিয়েছে।
প্রথম স্থান দখল করা রাজউক স্কুলের মোট পয়েন্ট ৯৯ দশমিক ২৮।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।
রাজউক থেকে ৫১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৫০৭ জন।
৯৮ দশমিক ৫৮ পয়েন্ট দ্বিতীয় স্থানে থাকা আইডিয়াল স্কুল থেকে এক হাজার ৪০৫ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৫৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা ভিকারুননিসা নূন স্কুল পেয়েছে ৯৮ দশমিক ১৫ পয়েন্ট।
এই কলেজ থেকে এক হাজার ৩৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩০ জন।
৯৭ দশমিক ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে রাজধানীর মাইলস্টোন কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ৯০৭ জন পরীক্ষা দিয়ে ৮৬৬ জন পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে। এক শিক্ষার্থী ফেল করেছে।
মতিঝিল মডেল হাই স্কুল ৯৬ দশমিক ০৬ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে। এই স্কুল থেকে এক হাজার ২৭৯ জন পরীক্ষা দিয়ে একজন বাদে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৩০ জন।
সপ্তম স্থান দখল করা চট্টগ্রাম সদরের বাংলাদেশ মহিলা স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পেয়েছে ৯৫ দশমিক ৩৫ পয়েন্ট।
এই প্রতিষ্ঠান থেকে ৪২২ জন পরীক্ষাং অংশ নিয়ে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন।
কুমিল্লা জিলা স্কুল ৯৫ দশমিক ২২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে। এই প্রতিষ্ঠানের ৩৭৩ জন পরীক্ষা দিয়ে এক জন বাদে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন।
৯৫ দশমিক ১৮ পয়েন্ট নিয়ে সারাদেশে নবম হয়েছে ঢাকা রেসিডিন্সিয়াল মডেল কলেজ।
এই কলেজ থেকে ৪৬৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪৩০ জন।
৯৫ দশমিক ০৮ পয়েন্ট নিয়ে দেশের মধ্যে দশম স্থানে রয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
এই কলেজ থেকে ৩৪০ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৩৩৮ জন।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৯১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন।
