কেরানীগঞ্জে পুলিশের গাড়িতে বিক্ষুব্ধদের আগুন
সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশাচালকের মৃত্যুর পর কেরানীগঞ্জে বিক্ষোভ থামাতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হামলার মুখে পড়েছে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোরে শ্রীনগরের হাসারায় ট্রাকের ধাক্কায় চুনকুটিয়ার অটোরিকশাচালক শাহ আলম (৪৫) নিহত হন।
“সকালে স্থানীয়রা শাহ আলমের লাশ নিয়ে ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করেন। এ সময় টহল পুলিশ সেখানে উপস্থিত হলে জনতা পুলিশের গাড়িটি ভাংচুর করে অগ্নিসংযোগ করে।”
পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে ওসি জানান।
এদিকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে দক্ষিণ মাতুয়াইলে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. মুসা (২১) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
যাত্রাবাড়ীর থানার এসআই কাজী জসিম জানান, মুসা উত্তরখান এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরগুনার পাথরঘাটার কালিবাড়ী।
