না’গঞ্জে বাস খাদে, গৃহবধূ নিহত, আহত ২০
নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি বাস খাদে পড়ে এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হন অন্তত ২০ জন।
শুক্রবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে এ দুর্ঘটনায় নিহত তানিয়া আক্তার (২৭) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মো. কবির হোসেনের স্ত্রী। কবির ওই এলাকায় হাতেম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
আহতদের মধ্যে চার জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, সকাল ১০টায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
