ব্রাহ্মণবাড়িয়ায় দুই সন্তানসহ মায়ের মৃত্যু, স্বামী আটক
ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডার মৌবাগ এলাকায় দুই ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে নিজ বাড়ির শয়নকক্ষে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। এরা হলেন পশ্চিম মেড্ডা এলাকার ছেলু মিয়ার স্ত্রী নারগিস আক্তার (৩০), তার মেয়ে তারিন (৭) ও ছেলে সাফি (৫)।
পুলিশ ধারণা করছে, তাদেরকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে, নারগিসের স্বামী ছেলু মিয়া তাদের বিষ খাইয়েছে বলে দাবি স্বজনদের।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার তাপস চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষ মেশানো খাবার খেয়েই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তাদের বাসা থেকে দুধমাখা ভাত, ছেঁড়া কাপড়, কিছু ঔষধের খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
মৃতদেহগুলোকে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নারগিসের স্বামী ছেলু মিয়াকে পাশের শরিফপুর থেকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।
ছেলু মিয়াকে জিজ্ঞাসাবাদ শেষে সদর থানার ওসি আবদুর রব জানান, গত রাতে তার স্ত্রীর সাথে টাকা পয়সা নিয়ে তার ঝগড়া হয়। ঝগড়ার পরে রাতেই তিনি তার কর্মস্থল পাশের একটি পুকুর পাহারার কাজে চলে যায়। সকালে বাসায় এসে দরজা বন্ধ দেখতে পায়।
বাইরে থেকে দরজা খুলে তিনজনকে মৃত দেখে কী করবে ভেবে না পেয়ে আবার চলে যায়।
নারগিসের স্বজনরা জানান, ১২ বছর আগে মেড্ডা এলাকার প্রয়াতত শহীদ মিয়ার ছেলে ছেলু মিয়ার সঙ্গে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলিকুট গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে নারগিসের বিয়ে হয়। ছেলু মিয়া রাজ মিস্ত্রীর কাজ করে, মাঝেমধ্যে ট্রাকও চালায়।
নার্গিসের বাবা শাহজাহান, চাচা সামসুজ্জামান জানান, পাঁচ/ছয় মাস ধরে ছেলু আরেকটি বিয়ে করার জন্য নার্গিসকে মারধর করত।
তারা জানান, গতকাল (বৃহস্পতিবার) নারগিস তাদের মোবাইল ফোনে জানান- ছেলু নারগিসকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে। না গেলে বিষ খাইয়ে মেরে ফেলবে।
