২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে কাপড় চুরি: আরো একজন গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কাপড় চুরির ঘটনায় আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2014, 10:20 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার সকালে বন্দর এলাকা থেকে পারভেজ হোসেন (২২) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পারভেজ আমদানিকারক প্রতিষ্ঠান ওনার্স গ্রুপের নিজস্ব সিঅ্যান্ডএফ এজেন্টের জেটি সরকার।

এই ঘটনায় আগের দিন গ্রেপ্তার অপর আসামি আমীর হোসেন ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার আদালতে জবানবন্দি দিয়েছেন।

বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করা হয়। সে এই ইয়ার্ড থেকে ওনার্স গ্রুপের আমদানি করা কাপড় চুরির সাথে যুক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে।

“আদালতের জবানবন্দিতে বুধবার গ্রেপ্তার হওয়া আমীর ঘটনার সঙ্গে আরো আটজন যুক্ত ছিল বলে জানিয়েছে।”

জবানবন্দিতে আমীর বলেছে, পারভেজ তার তিন সহযোগী নাসির, রানা ও রফিকের সহায়তায় কাপড়ের রোলগুলো মঙ্গলবার রাতেই টেরিবাজার নিয়ে আসে।

“কাপড় বাবদ তাদের প্রাথমিকভাবে তিন লাখ টাকা দেয় আমীর। পরবর্তীতে টেরিবাজারের সাবের সওদাগর, কামাল সওদাগর, খোকন সওদাগর ও সাহাবুদ্দিন সওদাগরের গোডাউনে এসব এনে রাখা হয়।’’

পুলিশ বুধবার আমীর হোসেনকে গ্রেপ্তার করে এবং টেরিবাজারের গুদাম থেকে চুরি যাওয়া কাপড়গুলো উদ্ধার করে।

সোমবার চট্টগ্রাম বন্দরের জে আর ইয়ার্ড থেকে ওনার্স গ্রুপের প্রতিষ্ঠান ওনার্স ডিজাইন লিমিটেডের সাংহাই থেকে আনা ডেনিম জিন্সের ৫০০ বেল কাপড়ের অধিকাংশই চুরি যায়। প্রতিষ্ঠানটির মালিক বিজিএমইএ’র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

এঘটনায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মাসুদুর রহমান বাদি হয়ে মঙ্গলবার বিকালে বন্দর থানায় একটি চুরির মামলা করেন। বন্দরের পক্ষ থেকে গঠন করা হয় দুই সদস্যের একটি তদন্ত কমিটিও।