২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে অগ্নিসংযোগ

নওগাঁ সদর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে এক ব্যক্তি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 06:38 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

সোমবার রাতে উপজেলার চন্ডিপুর গ্রামে এ ঘটনায় অগ্নিদগ্ধ সম্পা বেগমকে (২২) উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা।

সম্পা ওই গ্রামের বিপ্লব হোসেনের স্ত্রী। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বিপ্লব।

এ ঘটনায় সম্পার বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সাতজনকে আসামি করে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নওগাঁ সদর থানার পরিদর্শক সমির সূত্রধর।

মামলার বরাত দিয়ে পরিদর্শক (তদন্ত) সমির সূত্রধর জানান, তিন বছর আগে বিপ্লবের সঙ্গে সম্পার বিয়ে হয়। তখন নগদ ২০ হাজার টাকা যৌতুক দেয়া হয়।

বিয়ের পর থেকেই অতিরিক্ত আরও ৫০ হাজার টাকার জন্য সম্পাকে চাপ দিতে থাকে বিপ্লব। সঙ্গে শারিরীক নির্যাতন করে।

ওই এলাকার ইউপি সদস্য ওয়াজেদ আলী জানান, এ নিয়ে গ্রামে কয়েক দফা সালিশ বৈঠক হয়েছে। কিন্তু কোন ফল হয় নি। নির্যাতন অব্যাহত থাকে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সোমবারও সম্পাকে মারধর করা হয়। রাত অনুমানিক সাড়ে ১০টার দিকে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়া হয়। সম্পার চিৎকারে প্রতিবেশী আন্জুয়ারা ও তার স্বামী হাকিম এসে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেছেন।

নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহফুজুর রহমান জানান, সম্পার শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে। তার অবস্থা বর্তমানে আশংকাজনক।