সুনামগঞ্জে বিএনপির হরতালে বিক্ষিপ্ত পিকেটিং
‘নিখোঁজ’ বিএনপি নেতা ও তার গাড়ি চালকের সন্ধান দাবিতে সুনামগঞ্জে বিএনপির ডাকা আধাবেলার হরতালের বিক্ষিপ্ত পিকেটিংয়ের ঘটনা ঘটেছে।
রোববার সকাল থেকে শহরে অভ্যন্তরীন ও দূরপাল্লার যানসহ নৌপথেও চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান।
সুনামগঞ্জ সদর থানার ওসি জানে আলম জান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হরতালের সমর্থনে শহরের বিভিন্ন মোড়ে পিকেটিং করছে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।
সকাল ৭টা থেকে বিএনপি ও ছাত্রদল নেতারা শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক পয়েন্টে অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এসময় জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সফিকুল হকের মোটরসাইকেল কেড়ে নেয় পুলিশ। এছাড়া জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আধাবেলার এ হরতালের ডাক দেয় জেলা বিএনপি।
গত ৪ মে রাত থেকে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য অনাবাসী বাংলাদেশি মুজিবুর রহমান ও তার গাড়ি চালক সুহেল নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুজিবুরের ভাগ্নি জামাই রবিউল ইসলাম।
