২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরের নিউ মুরিং টার্মিনাল পুরোদমে চালুর দাবি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দ্রুত পুরোদমে চালুর ওপর জোর দিলেন ব্যবহারকারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 11:02 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে পোর্ট ইউজার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় এ তাগিদ দেন ব্যবহারকারীরা।

বন্দর ব্যবহারকারীরা এনসিটি নির্মাণের পর নির্মাণের পর বিগত ছয় বছরেও পুরোদমে চালু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

ফোরামের চেয়ারম্যান ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমদানিকারক ও রপ্তানিকারক নানা সংগঠনের প্রতিনিধি, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বিকেএমইএ’র প্রতিনিধিরা অংশ নেন।

মাহবুবুল আলম বলেন, “একবছর আগে নৌ-পরিবহনমন্ত্রী বলেছিলেন-দুইমাসের মধ্যে এনসিটি চালুর প্রক্রিয়া শুরু হবে। অথচ এখন পর্যন্ত কিছুই হয়নি।”

এই টার্মিনাল চালু হলে আমদানি-রপ্তানি পণ্য পরিবহনে গতিশীলতা আসত মন্তব্য করে তিনি বলেন, টার্মিনালটি চালু না হওয়ায় ব্যবসায়ীরা সুবিধা পাচ্ছেন না।

সভায় বন্দর ব্যবহারকারীরা সাম্প্রতিক সময়ে পণ্য আমদানিতে কিছু সংখ্যক কন্টেইনার মালিকপক্ষের প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে ‘অযৌক্তিক’ মাশুল আদায় করছে বলে অভিযোগ করেন।

নির্ধারিত ১৩ টি পণ্য আমদানির ক্ষেত্রে ওয়াশিং চার্জ আদায় করার কথা থাকলেও কাপড় আমদানির ক্ষেত্রেও তা নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম প্রতিটি চালানের বিপরীতে ৫০০ টাকা ডকুমেন্টেশন চার্জ এবং ১৩ টি পণ্য আমদানিতে কন্টেইনার প্রতি ৩০০ টাকা ওয়াশিং চার্জ অব্যাহত রাখার ওপর জোর দেন।

সভায় বক্তব্য রাখেন চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, বিকেএমইএ’র শওকত ওসমান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আক্তার হোসেনসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।