২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জের মুজিবুর নিখোঁজ: যুবদল নেতাসহ আটক ৩

সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান ও তার গাড়ি চালক সুহেল নিখোঁজ হওয়ার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 08:57 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন দিরাই উপজেলার সুজানগরের আলীমুল্লা চৌধুরীর ছেলে জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আলী আকবর চৌধুরী (৩০), শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার প্রয়াত আজিজুল হকের ছেলে জিহাদুল হক (২৮), তাহিপুর উপজেলার বালিহজুরি গ্রামের আব্দুল মতিনের ছেলে তারেকুজ্জামান (২৫)।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িত সন্ধেহে এ তিন জনকে আটক করা হয়েছে।

মুজিবুরকে হত্যার হুমকি দিয়ে লন্ডনের বাড়িতে চিঠি

মুজিবুর রহমানকে হত্যার হুমকি দিয়ে তার লন্ডনের বাসায় একটি চিঠি পাঠনো হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।

সিলেটের আঞ্চলিক ভাষা মিশিয়ে বাংলায় লেখা ওই চিঠিতে বলা হয়েছে, সিলেট থেকে দুইটি সিএনজি অটোরিকশায় তিন ব্যক্তি মুজিবুর রহমানকে অপহরণ করেছে।

Image
হাজী মুজিবুর রহমান

হাজী মুজিবুর রহমান

বর্তমানে সিলেটে তাকে ও তার গাড়ি চালক সুহেলকে আলাদা দুটি জায়গায় আটকে রাখা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, তাদেরকে সিলেটের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ না থাকায় অপহরণকারীরা নিজেদের বাঁচাতে মুজিবুর রহমানকে এক/দুই দিনের ভেতরে হত্যা করতে চায়।

চিঠিতে লেখা হয়, “সান ডে লেইট নাইট তিন গুন্ডা দুইটা সিএনজি দিয়া এক ঘরের মধ্যে রাখছে, ঢাইবার আলাদা জায়গায় আছেন। তারা অন্য পার্টির কাছে দিয়ার কতা ছিল, তারা সুযোগ পার না। সিলেট থেকে ভারাইবার সুজোগ পাইতেছে না। এখন তারা তাদের জান বাছাতে এক দুই দিনে ভেতরে মেরে ফেলতে চাইতেছে। তান বর্তমানে সিলেটে এক ঘরের মধ্য আছেন।”

মুজিবুর রহমানের শ্যালক দক্ষিণ সুনামগঞ্জের বাসিন্দা ব্যারিস্টার আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার মুজিবুর রহমানের লন্ডন শহরের ইলফোর্ড এলাকার বাসায় চিঠিটি পৌঁছেছে বলে তার বোন সালেহা বেগম তাকে জানিয়েছেন।

কে বা কারা এ চিঠি পাঠিয়েছে তা জানা যায়নি বলে তিনি জানান।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, হত্যার হমুকি দিয়ে লন্ডনের বাসায় চিঠি পাঠনোর বিষয়টি মুজিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

গত রোববার (৪ মে) রাতে যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান সুনামগঞ্জ থেকে সিলেট যাবার পথে তার গাড়ি চালকসহ নিখোঁজ হন।