২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ১৬ মাস পরও নিখোঁজ দুই ব্যবসায়ী

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে তুলে নেয়া দুই ব্যবসায়ীর খোঁজ ১৬ মাস পরও দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 07:30 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

তাদের জীবিত উদ্ধার ও অপহরণকারীদের শাস্তির দাবিতে শনিবার গোপালগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ীর পরিবারের সদস্যরা।

২০১২ সালের ২৬ ডিসেম্বর কাশিয়ানীর ফুকরা গ্রামের বাসিন্দা ঝুট ব্যবসায়ী মাহবুব শেখকে ওই এলাকা থেকে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

একইদিন গোপালগঞ্জ শহরের মান্দারতলা থেকে একইভাবে মাহবুব শেখের ব্যবসায়িক সহযোগী ওবায়দু রহমানকেও তুলে নিয়ে যাওয়া হয়।

ব্যবসায়ীক দ্বন্দ্বের কারণে ঝুট ব্যবসায়ী মান্নান ফকির এ দুজনকে অপহরণ করেছে অভিযোগে গত বছর (২০১৩) ২১ ফেব্রুয়ারিতে থানায় মামলা করে মাহবুব শেখের পরিবার।

পুলিশ মামলার প্রধান আসামি মান্নান ফকিরকে এ বছরের ৯ এপ্রিল ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে মাহবুবের পরিবারের অভিযোগ, মান্নান ফকিরকে গ্রেপ্তারের পর থেকে সহযোগীরা বিভিন্ন সময়ে পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

সম্মেলনে মাহবুব শেখের মা কমেলা বেগম, স্ত্রী ফেরদৌসী বেগম, মেয়ে ময়না ও আফিফা এবং ভাই হাফিজুর রহমান শেখ উপস্থিত ছিলেন।

নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তারা বলেন, অপহরণকারীদের প্রাণনাশের হুমকির কারণে মাহবুবের বাবা আবুল বশার ঢাকায় তার ঠিকাদারি ব্যবসা বন্ধ করে বর্তমানে গোপালগঞ্জের বাড়িতে অবস্থান করছেন।

সম্মেলনে মাহবুবকে জীবিত উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে পরিবারের সদস্যরা।