লাইসেন্স নেই, শিক্ষা নেই, তবুও প্রশিক্ষক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই চলছে রাজধানীসহ আশপাশের অধিকাংশ ড্রাইভিং ট্রেনিং স্কুল, যেগুলোর প্রশিক্ষকদের কোনো প্রতিষ্ঠানিক শিক্ষা নেই।
এধরনের ভুঁইফোর ড্রাইভিং স্কুল থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না দেখভালের দায়িত্বে থাকা সংস্থা বিআরটিএ।
যথাযথ প্রশিক্ষণ না নিয়ে নতুন চালকরা গাড়ি নিয়ে সড়কে নামায় দুর্ঘটনা বেড়ে যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে দেখা গেছে, এসব প্রশিক্ষণ কেন্দ্রগুলোর বেশির ভাগেরই বিআরটিএর লাইসেন্সপ্রাপ্ত প্রশিক্ষক নেই। যেসব যানবাহন দিয়ে হাতে-কলমে গাড়িচালনা শেখানো হচ্ছে, সেগুলোর বেশিরভাগই মান্ধাতার আমলের।
রাজধানীর মোহাম্মদপুর, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে এসব প্রশিক্ষণ কেন্দ্রের অধিকাংশেরই নিজস্ব কোনো ট্রেনিং গ্রাউন্ড নেই। রাস্তার পাশে ভাড়া করা কোনো ভবনে একটি মাত্র কক্ষ নিয়ে চালানো হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র।
ধানমণ্ডির সাত মসজিদ রোডে ‘নিরাপদ ড্রাইভিং স্কুল’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রে মাত্র একটি কক্ষ নিয়ে কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এই প্রশিক্ষণ কেন্দ্রে নিজস্ব মাঠ নেই। প্রধান সড়কেই চালকদের প্রশিক্ষণ চলে।
ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
গাড়িচালনার বিষয়ে তার নিজের কোনো প্রশিক্ষণ নেই তার। প্রশিক্ষণের লাইসেন্স দেখতে চাইলে তাও দেখাতে পারেননি তিনি।
মোহাম্মদপুর থানা এলাকার ‘ক্যারিয়ট ড্রাইভিং স্কুল’সহ রাজধানীর আরো কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা যায়। এসব ৮ থেকে ১০ হাজার টাকায় প্রশিক্ষণ দেয়ার এই কেন্দ্রগুলোর সহায়তায়ই মিলছে ড্রাইভিং লাইসেন্স।
বিআরটিএ’র নিয়মানুসারে কোনো গাড়ি চালনার প্রশিক্ষণ কেন্দ্র চালাতে হলে অবশ্যই নিজস্ব মাঠ থাকতে হবে।
বিষয়টি স্বীকার করে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৫টি চাহিদা পূরণ না করলে কোনো প্রশিক্ষণ কেন্দ্রকে লাইসেন্স দেয়া হয় না। এক্ষেত্রে আমাদের অগোচরে অনেকগুলো অবৈধ প্রশিক্ষণকেন্দ্র গড়ে উঠছে। তারা প্রতিনিয়ত প্রতারণার আশ্রয় নিচ্ছে।
“এসব প্রশিক্ষণ কেন্দ্রে কোনো যোগ্য প্রশিক্ষক নেই। প্রশিক্ষণ শেষে লাইসেন্স দেয়া হয় এমন প্রলোভন দেখিয়ে তারা ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে।”
এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমাদের নজরে এলেই আমরা ব্যবস্থা নিচ্ছি।
“আমরা কিছুদিন আগেও পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম যেন ভালো কিছু স্কুলকে লাইসেন্স দেয়া যায়, কিন্তু একটিও আবেদনপত্র আমাদের কাছে জমা পড়েনি।”
তিনি জানান, সারা দেশে বিআরটিএ’র নিবন্ধন পাওয়া প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে ৯৪টি এবং নিবন্ধিত প্রশিক্ষক প্রায় ১২০ জন।
ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সরকারি হিসেবে, দেশের মোট ১৬ লাখ চালকের মধ্যে ৬ লাখের বেশি চালকের কোনো ধরনের প্রশিক্ষণ বা লাইসেন্স নেই।
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এর জরিপে দেখা যায়, প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সবগুলোতেই প্রাতিষ্ঠানিক শিক্ষাসম্পন্ন প্রশিক্ষক ছাড়াই চলছে প্রশিক্ষণ কার্যক্রম। এসব ‘প্রশিক্ষকদের’ শতকরা ৫৫ ভাগেরই মাধ্যমিকের (এসএসসি) সনদ নেই। শতকরা ৮১ ভাগের নেই ভারী যানবাহন চালানোর লাইসেন্স।
বিআরটিএ-এর হিসাবে, দেশে বর্তমানে নিবন্ধিত গাড়ি রয়েছে প্রায় ১৬ লাখ। এসব গাড়ি চালানোর জন্য লাইসেন্সপ্রাপ্ত চালক প্রায় ১০ লাখ। প্রতিবছর নতুন গাড়ি নিবন্ধিত হয় প্রায় এক লাখ ৫০ হাজার।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) সাবেক পরিচালক ড. মো. শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের এখানে যারা গাড়িচালক তাদের অধিকাংশেরই কোনো প্রশিক্ষণ নেই। আবার যারা তাদের প্রশিক্ষণ দেবে তাদেরও কোনো প্রশিক্ষণ নেই।
“আমি মনে করি, চালকদের প্রশিক্ষণের আগে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রয়োজন। আমরা চালকদের প্রশিক্ষণ নিয়ে কথা বলছি। কিন্তু তাদের যারা প্রশিক্ষণ দেবে তাদের প্রশিক্ষণের বিষয়ে কিছু বলছি না।”
শামসুল হক বলেন, সারা দেশে প্রত্যেকটি জেলায় অন্তত ১০ থেকে ১২টি প্রশিক্ষণ কেন্দ্র হলে প্রশিক্ষিত চালক ও প্রশিক্ষকের অভাব পূরণ করা সম্ভব।
এসব ক্ষেত্রে বিআরটিএকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
চালক ও প্রশিক্ষকদের প্রশিক্ষণের জন্য বেসরকারি নিটোল গ্রুপ কিশোরগঞ্জ জেলায় এবং ব্র্যাক উত্তরায় দুটি আলাদা প্রকল্প গ্রহণ করেছে। এছাড়া সেনাবাহিনীও একটি প্রকল্পের মাধ্যমে চালক ও প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে।
