২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহতদের স্বজনদের ডেকেছে তদন্ত কমিটি

নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় তদন্তের অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চেয়েছেন হাই কোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটির সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 10:25 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তাদের নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মো. আনিসুর রহমান শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহত সাতজনের পরিবারের সদস্যদেরই ডাকা হয়েছে। তবে কেউ না আসলে তাদের বাসায় গিয়ে কথা বলবেন তদন্ত কমিটির সদস্যরা।”

হাই কোর্টের নির্দেশের পর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে একটি কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মহিউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার, আইন ও বিচার বিভাগের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান ও মো. মিজানুর রহমান খান।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জে গিয়ে কাইন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে তুলে নেয়ার এবং  শীতলক্ষ্যা নদীর তীরে নিহতদের লাশ উদ্ধারের স্থান ঘুরে দেখেন তারা।

পরিদর্শন শেষে শাহজাহান আলী  বলেন, তদন্তের স্বার্থে তারা সবার সঙ্গে কথা বলবেন। সাত দিনের মধ্যে তদন্তের অগ্রগতির প্রতিবেদন আদালতে জমা দেবেন বলেও জানান তারা।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়, তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর হাই কোর্ট পুরো ঘটনা তদন্তে সরকারকে একটি কমিটি গঠন করতে বলে।

হত্যাকাণ্ডে র‌্যাবের সম্পৃক্ততার অভিযোগ এবং এতে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কোনো কর্মকর্তার গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে বলেছে হাই কোর্ট।

পুরনো খবর:

অপহরণস্থল পরিদর্শন তদন্ত কমিটির