২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে উৎপাদিত হচ্ছে জিংক সমৃদ্ধ ধান

নতুন উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধান পরীক্ষামূলকভাবে ফরিদপুরে উৎপাদিত হচ্ছে। বিজ্ঞানীরা এ ধানের নাম দিয়েছেন ব্রি-৬২ ও ব্রি-৬৪।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 05:09 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত এ ধানের আবাদ বাংলাদেশে এটাই প্রথম।

জিংক সমৃদ্ধ নতুন জাতের এই ধান পরীক্ষামূলকভাবে ফরিদপুরে উৎপাদিত হচ্ছে। বিজ্ঞানীরা এ ধানের নাম দিয়েছেন ব্রি-৬২ ও ব্রি-৬৪। ফরিদপুরের আবহাওয়ায় নতুন জাতের এ ধানের ভালো ফলন হয়েছে বলে দাবি করেছে কৃষক।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মানিকনগর মাঠসহ আশেপাশের এলাকার ৫০ জন চাষি এবার পরীক্ষামূলকভাবে জিংক সমৃদ্ধ ধান আবাদ করেছে। ভালো ফলন দেখে খুশি কৃষকরা।

এ ধান আবাদে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিয়েছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) ও হারভেস্ট প্লাস বাংলাদেশ।

গবেষকদের দাবি, জিংক সমৃদ্ধ ধান মানুষের বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধের পাশাপাশি মেধা ও শারীরিক বিকাশের বিশেষ ভুমিকা রাখবে। তাই পর্যায়ক্রমে দেশের মাটি ও আবহাওয়ায় সহিষ্ণু উচ্চ ফলনশীল অন্যান্য ধানেও জিংক সংযুক্তির মাধ্যমে সকল ধানকেই জিংক সমৃদ্ধ করা যাবে।

জিংক সমৃদ্ধ ধান আবাদে প্রযুক্তিদানকারী প্রতিষ্ঠান এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান জানান, ফলন ভালো হওয়ার পাশাপাশি কৃষকরা ধান আবাদে আগ্রহী হওয়ায় আগামী মৌসুমে আরো বেশি সংখ্যক কৃষকদের বীজ ও প্রযুক্তি সরবরাহ করা হবে।

তিনি জানান, জিংক সমৃদ্ধ ধানের উপকারিতা সম্পর্কে জানানোর পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থাও করা হচ্ছে।

এ জাত উদ্ভাবনকারী বিজ্ঞানী, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন জানান, মানবদেহে জিংকের অভাব পূরণ করতে এই ধানে জিংকের মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে।

তিনি বলেন, এই ধানে অন্য ধানের চেয়ে দ্বিগুণ পরিমাণ জিংক রয়েছে। এই ধানের ভাত খেলে মেধা বিকাশের পাশাপাশি শারীরিক বৃদ্ধি ঘটবে।

সাধারণ ধানে ৯ থেকে ১২ মিলিগ্রাম জিংক থাকলেও এ জাতের (জিংক সমৃদ্ধ) ধানে জিংক রয়েছে ২৪ মিলিগ্রাম, বলেন ড. আলমগীর।

এ ধানের উদ্ভাবনকারী আরেক বিজ্ঞানী হারভেস্ট প্লাস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ড. মো. খায়রুল বাসার বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশেই প্রথম জিংক সমৃদ্ধ ধান উৎপাদন করা হয়েছে। এটিই প্রথম উচ্চ ফলনশীল জিংক সমৃদ্ধ জাত।

এদিকে গত সোমবার তালমা এলাকার মানিকনগরে এক প্রদর্শনী ও জাত অবহিতকরণ সমাবেশে ইউনিসেফের বরাত দিয়ে জানানো হয়, দেশের ৪৪ ভাগ শিশুর জিংকের অভাবে মেধা ও শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়, যা জিংক সমৃদ্ধ ধানের ভাত খাওয়ার মাধ্যমে পূরণ করা সম্ভব। এছাড়া এ ধানে রয়েছে সর্বোচ্চ নয় ভাগ প্রোটিন।

ধান চাষি হাবিব মোল্লা, আতাহার শেখ, হরিপদ দাস জানান, অন্যান্য ধানের মতোই জিংক সমৃদ্ধ ধানের চাষাবাদ খরচ একই। তবে, উৎপাদন সময় কম লাগায় চাষিরা এ ধান আবাদ করে খুশি।

তাদের মতে, অন্য জাতের ধান উৎপাদনে ১৬০ দিন লাগলেও জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ও ব্রি-৬৪ জাতের ধান উৎপাদনে সময় লাগে ১২০ দিন। চাষিরা জিংক সমৃদ্ধ ধান আবাদ সম্পর্কে জেনে ও ফলন দেখে অনেকেই এ ধান আবাদে আগ্রহী হচ্ছেন।