গুলশানে সরকারি বাড়ি পাচ্ছেন শেখ রেহানা
জাতির জনকের মেয়ে হিসেবে শেখ রেহানাকে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে প্রায় দেড় বিঘা আয়তনের একটি বাড়ি দিচ্ছে সরকার।
এক হাজার টাকা প্রতীকী মূল্যে গুলশান ৮৪ নম্বর রোডের ১০ নম্বর বাড়িটি প্রধানমন্ত্রীর বোনকে বরাদ্দ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯ এর অধীনে বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাকে গুলশানে একটি বাড়ি দেয়ার প্রক্রিয়া চূড়ান্তের পথে রয়েছে। প্রতীকী মূল্যে এ বাড়ি দেয়া হবে।”
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় শেখ রেহানাকে ধানমণ্ডিতে একটি বাড়ি বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু এরপর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় গিয়ে ওই বরাদ্দ বাতিল করে।
শেখ রেহানা এবারো বাড়ি নিতে রাজি নন বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ।
“কোর্ট থেকে রায় রয়েছে, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানাকে একটি স্থায়ী ঠিকানা দেয়ার জন্য, আমরা এ বিষয়টি দেখছি। উনি (শেখ রেহানা) রাজি না, কিন্তু তার তো ছেলে-মেয়ে রয়েছে, তারা থাকবে।”
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাড়ি দেয়ার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, “বাড়ি দেয়ার বিষয়ে কোর্টের রায় ও জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ইত্যাদি আমরা যাচাই-বাছাই করছি, এখানে গোপন করার কিছু নেই।”
গুলশানে কোথায় শেখ রেহানা বাড়ি পাচ্ছেন- তা জানতে চাইলে মন্ত্রী ঠিকানা নির্দিষ্ট করে না জানিয়ে বলেন, “গুলশান এলাকায় দেয়া হবে এবং হয়ত সেই (এখনকার) পুরান বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করতে হবে।”
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেখ রেহানাকে দেয়ার জন্য যে বাড়িটি চূড়ান্ত করা হচ্ছে তা গুলশান ৮৪ নম্বর রোডের এনইএল (২) ১০ নম্বর বাড়ি এবং এর আয়তন ৫৪ দশমিক ৫ শতাংশ। এক হাজার এক টাকা প্রতীকী মূল্য দিয়ে এ বাড়ি দেয়া হবে।
বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ রেহানা (ফাইল ছবি)
রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পর তার স্ত্রী খালেদাকে একটি বাড়ি বরাদ্দ দেয় সরকার। তবে তিনি একইভাবে বরাদ্দ পাওয়া ঢাকা সেনানিবাসের বাড়িতে থেকে আসছিলেন, যার বরাদ্দ কয়েক বছর আগে আওয়ামী লীগ সরকার বাতিল করে।
সেনানিবাস ছাড়ার পর গুলশানে বরাদ্দ পাওয়া বাড়িতে ওঠেননি বিএনপি চেয়ারপারসন। তিনি অন্য একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছেন।
